shono
Advertisement
Nadia

আঁকা নয়, জামদানির বুননে মোদির পোর্ট্রেট! জন্মদিনে ফুলিয়ার তাঁতশিল্পীর অভিনব শ্রদ্ধার্ঘ্য

এই জামদানিটি প্রধানমন্ত্রীর দিল্লির দপ্তরে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
Published By: Jaba SenPosted: 12:26 PM Sep 14, 2026Updated: 04:25 PM Sep 14, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন (PM Modi Birthday) উপলক্ষে নদিয়ার ফুলিয়ায় সিল্কের জামদানির বুননে তৈরি হল তাঁর পোর্ট্রেট। পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত তাঁতশিল্পী বীরেন কুমার বসাকের তত্ত্বাবধানে তৈরি এই বিশেষ শিল্পকর্মটি কোনও আঁকা ছবি নয়। সম্পূর্ণ হাতে বুনে ফুটিয়ে তোলা হয়েছে প্রধানমন্ত্রীর প্রতিকৃতি। এই জামদানিটি প্রধানমন্ত্রীর দিল্লির দপ্তরে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

Advertisement

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বাংলার তাঁতশিল্পীদের শিল্পকুশলতা ও উৎকর্ষতার একটি নিদর্শন হিসেবে এই কাজটি করা হয়েছে। বীরেন কুমার বসাক জানান, এটি বিক্রির জন্য তৈরি করা হয়নি। সিল্কের জামদানিতে লাইন-আর্টের আদলে তৈরি এই পোর্ট্রেট সম্পূর্ণ করতে সময় লেগেছে প্রায় ১০ দিন। বীরেন কুমার বসাকের দলের দক্ষ তাঁতী বিবেক বিশ্বাস এই কাজটি করেছেন। লাইন-আর্টের আদলে জামদানিতে পোর্ট্রেট তৈরির কাজের সঙ্গে তিনি প্রথম থেকেই যুক্ত রয়েছেন।

জামদানিতে এই ধরনের ফাইন আর্ট তৈরির কাজের সূত্রপাত ২০১৬ সালে। বীরেন কুমার বসাকের ছেলে অভিনব বসাকের ভাবনা থেকে সেই বছর প্রথম লাইন-আর্টের জামদানি তৈরি হয়। প্রথম কাজটি ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। এরপর একের পর এক লাইন-আর্টের কাজ জামদানিতে ফুটিয়ে তোলা হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার তৈরি হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পোর্ট্রেট।

বীরেনবাবুর বক্তব্য, এই কাজের উদ্দেশ্য বাণিজ্যিক নয়। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বাংলার তাঁতশিল্পীদের পক্ষ থেকে একটি বিশেষ শিল্পকর্ম তৈরি করার পাশাপাশি জামদানি বুননের মাধ্যমে কী ধরনের সূক্ষ্ম ও সৃজনশীল কাজ করা সম্ভব, সেটি তুলে ধরাই এই উদ্যোগের উদ্দেশ্য।
বীরেন কুমার বসাকের তৈরি জামদানি শিল্পকর্মের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরিচয় আগেই হয়েছে। এর আগে বীরেনবাবুর তৈরি একটি জামদানি শিল্পকর্ম প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া হয়েছিল। ২০২১ সালে পদ্ম পুরস্কারপ্রাপকদের সঙ্গে সাক্ষাতের সময় সেই উপহার পান প্রধানমন্ত্রী। এরপর প্রধানমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে বীরেন কুমার বসাকের সঙ্গে ছবি দিয়ে লেখেন, নদিয়ার (Nadia) বীরেন কুমার বসাক একজন বিশিষ্ট তাঁতশিল্পী, যিনি তাঁর শাড়িতে ভারতীয় ইতিহাস ও সংস্কৃতির বিভিন্ন দিক ফুটিয়ে তোলেন। পদ্ম পুরস্কারপ্রাপকদের সঙ্গে সাক্ষাতের সময় বীরেনবাবু তাঁকে একটি উপহার দিয়েছিলেন, যা তিনি অত্যন্ত যত্নে রাখেন বলে জানান প্রধানমন্ত্রী।

এর আগে বীরেনবাবুর তৈরি সেই জামদানিতে প্রধানমন্ত্রীকে মানুষের সঙ্গে কথা বলার একটি দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছিল। সেই শিল্পকর্মের প্রশংসা করেছিলেন খোদ নরেন্দ্র মোদি। এবার মোদির জন্মদিন উপলক্ষে তাঁরই প্রতিকৃতি জামদানির বুননে তৈরি করলেন বীরেন কুমার বসাকের দল। বিক্রির জন্য নয়, জন্মদিন উপলক্ষে বাংলার তাঁতশিল্পীদের পক্ষ থেকে তৈরি এই জামদানি বিশেষ শিল্পকর্ম হিসেবেই দিল্লিতে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement