shono
Advertisement
Nisith Pramanik

মমতা জমানায় দুর্নীতির আখড়া উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর! '১২২ এজেন্সি ব্ল্যাক লিস্টেড', জানালেন নিশীথ

তাঁর হুঁশিয়ারি, কোনও দুর্নীতি বরদাস্ত করা হবে না। বহু এজেন্সিকে শোকজ ও ব্ল্যাক লিস্টেড করা হয়েছে।
Published By: Jaba SenPosted: 04:11 PM Jul 23, 2026Updated: 04:38 PM Jul 23, 2026

তৃণমূল জমানায় দুর্নীতির আখড়া ছিল উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। বৃহস্পতিবার বিধানসভায় একথা বলে বিগত সরকারের দুর্নীতির 'হিসাব' দিলেন দপ্তরের মন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)। তিনি জানান, দুর্নীতির ঘটনায় ১২২টি এজেন্সিকে ব্ল্যাক লিস্টেড করা হয়েছে। তাঁর হুঁশিয়ারি, কোনও দুর্নীতি বরদাস্ত করা হবে না। বহু এজেন্সিকে শোকজ ও ব্ল্যাক লিস্টেড করা হয়েছে। এছাড়া এদিন উত্তরবঙ্গের উন্নয়নের জন্য একগুচ্ছ কর্মসূচির কথাও ঘোষণা করেন মন্ত্রী।

Advertisement

মন্ত্রী জানান, দুর্নীতিগ্রস্তদের কোনও জায়গা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে থাকবে না। পাশাপাশি উন্নয়ন শুধুমাত্র একটি জেলা বা বিধানসভাতেই সীমাবদ্ধ থাকবে না। সব জেলায় ও বিধানসভায় সমানভাবে উন্নয়ন হবে। নিশীথ আরও জানান, উত্তরবঙ্গ জুড়ে ১০০ টি পর্যটন তথ্য কেন্দ্র হবে। তাতে ফুড প্লাজা, হোম স্টে-সব কিছুই থাকবে। একাধিক জায়গায় ইন্দ-বাংলাদেশ ল্যান্ড পোর্ট তৈরি হবে। প্রত্যেক জেলায় ইনডোর স্টেডিয়াম নির্মিত হবে।

বৃহস্পতিবার মন্ত্রী আরও জানান, পার্বত্য এলাকায় যানজট রুখতে বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিদেশে পার্বত্য এলাকায় যেভাবে পার্কিং করা হয় সেই মডেলে উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও হাইড্রলিক গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হবে। এর ফলে পর্যটকদের সুবিধা হবে। উত্তরবঙ্গে শুটিংয়ের জন্য অনেক প্রোডাকশন হাউসই আগ্রহী থাকে। এতদিন সঠিকভাবে সব ব্যবস্থা করা হত না। এবার সেই সমস্যার সমাধানে 'সিঙ্গল উইন্ডো সলিউশন'-এর ব্যবস্থা করা হবে। নিশীথের অভিযোগ, বিগত সরকারের আমলে উত্তরবঙ্গ উন্নয়নের জন্য় বাজেটে বরাদ্দ এক তৃতীয়াংশের বেশি অর্থ খরচ হত না। তবে এবার উত্তরবঙ্গের জন্য যতটা বাজেট বরাদ্দ হয়েছে সবটাই উন্নয়নের স্বার্থে খরচ করা হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement