shono
Advertisement
Purba Medinipur

ডাক্তারের দেখিয়ে ফেরার পথে সব শেষ, পিকআপ ভ্যানের ধাক্কায় স্বামীর সামনেই মৃত্যু অন্তঃসত্ত্বার

মৃত মহিলার নাম বর্ণালি সাঁতরা বেরা। বয়স ২৭ বছর। তিনি ময়না থানা এলাকার বাসিন্দা ছিলেন।
Published By: Subhankar PatraPosted: 08:15 PM Sep 02, 2026Updated: 08:22 PM Sep 02, 2026

স্বামীর সঙ্গে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলেন অন্তঃসত্ত্বা স্ত্রী। বাইকে ছিলেন তাঁরা। সেই সময় বেপরোয়া গতিতে ছুটে আসা পিকআপ ভ্যান ধাক্কা মারে। তাতেই ঘটনাস্থলেই মারা যান মহিলা। বুধবার মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ময়না থানা এলাকায়। ঘটনার পর বিক্ষোভ দেখান স্থানীয়রা। পরে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ। চালকের খোঁজে তল্লাশি শুরু করেছেন তদন্তকারীরা।

Advertisement

মৃত মহিলার নাম বর্ণালি সাঁতরা বেরা। বয়স ২৭ বছর। তিনি ময়না থানার তিলখোজা গ্রাম পঞ্চায়েতের চংরা গ্রামের বাসিন্দা। এ দিন স্বামী রঞ্জন বেরার সঙ্গে বাইকে চেপে চিকিৎসকের কাছে যান। ডাক্তার দেখিয়ে শ্রীরামপুরের দিক থেকে বাড়ি ফেরার সময় শ্রীরামপুর- শ্রীকণ্ঠা রাস্তার ভূঁইপাড়া এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন তারা। বাইক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। পোড়া মাটির জিনিসপত্র বোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে বাইকের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ওই অন্তঃসত্ত্বা মহিলা বর্ণালির মৃত্যু হয়। দুর্ঘটনা ঘটার পরই পিকআপ ভ্যানের চালক গাড়ি ফেলে চম্পট দেন।

এই ঘটনার পর বিক্ষোভ দেখান স্থানীয়রা। তাঁদের দাবি, এই সংকীর্ণ রাস্তায় প্রতিনিয়ত অনিয়ন্ত্রিতভাবে ভারী ও বড় যানবাহন চলাচলের কারণেই বারবার এই ধরনের দুর্ঘটনা ঘটছে। পুলিশ আসলে বিক্ষোভ আরও বাড়ে। পরে পরিস্থিতি সামাল দিয়ে দেহ তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement