shono
Advertisement
Purulia Deben Mahato government medical college & hospital

হেপাইটাইটিস বি পজিটিভ রোগীর ত্বকে সফল অস্ত্রোপচার, দেবেন মাহাত মেডিক্যালে অসাধ্যসাধন

হেপাটাইটিস-বি পজিটিভ রোগীর চর্ম ক্যান্সারের টিউমার কেটে বাদ দেয় ওই বিভাগ। ডাক্তারি পরিভাষায় ওই চর্ম ক্যান্সারের নাম 'বাসেল সেল কারসিনোমা।'
Published By: Sayani SenPosted: 11:46 PM Jul 01, 2026Updated: 11:48 PM Jul 01, 2026

স্বল্প পরিকাঠামোয় জটিল অস্ত্রোপচারে রীতিমতো অসাধ্যসাধন করলেন পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চর্ম বিভাগের চিকিৎসকরা। হেপাটাইটিস-বি পজিটিভ রোগীর চর্ম ক্যান্সারের টিউমার কেটে বাদ দেয় ওই বিভাগ। ডাক্তারি পরিভাষায় ওই চর্ম ক্যান্সারের নাম 'বাসেল সেল কারসিনোমা।'

Advertisement

হেপাটাইটিস-বি রোগী হওয়ার কারণে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং একাধিক বেসরকারি হাসপাতাল অস্ত্রোপচার করতে ফিরিয়ে দিয়েছিল। কয়েক দিন আগে দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আউটডোরে চর্ম সমস্যায় আসেন পুরুলিয়ার জয়পুরের কাশিপুরের বাসিন্দা ৫১ বছরের চাঁদমনি মাহাতো। আট দিন ধরে ওই চর্ম বিভাগের তত্ত্বাবধানে ছিলেন ওই রোগী। চর্ম বিভাগের প্রধান তথা চিকিৎসক সোমনাথ সরকার বলেন, " হেপাটাইটিস-বি পজিটিভ হওয়ার কারণে অনেক হাসপাতাল ওই রোগীকে ফিরিয়ে দিয়েছিল। কিন্তু আমরা এই চ্যালেঞ্জটা নিয়েছিলাম চিকিৎসক দিবসেই। ওই রোগী এখন স্থিতিশীল। " রোগী হেপাটাইটিস-বি হওয়ার কারণে পিপিই কিট গায়ে জড়িয়ে এই অস্ত্রোপচার করেন চিকিৎসকরা।

দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুর বারোটা থেকে ১ টা ১৫ পর্যন্ত এক ঘণ্টার বেশি সময় ধরে এই অস্ত্রোপচার চলে। এই বিশেষ সার্জারি টিমে চর্ম বিভাগের প্রধান সোমনাথ সরকার ছাড়াও ছিলেন দীপ্র বিশ্বাস, স্নেহা ও তামান্না দোকানিয়া। এই সাফল্যকে কুর্নিশ জানিয়েছে দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। মেডিক্যাল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল সুকোমল বিষয়ী বলেন, " এই ধরনের সার্জারি সাধারণত চর্ম বিভাগে হয় না। আমাদের চিকিৎসকরা সেটাই করে দেখালেন। এই কাজ সত্যিই প্রশংসার।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement