খিদের মুখে নামী রেস্তরাঁয় গিয়ে চিকেন তন্দুরি অর্ডার করেছিল পরিবার। দীর্ঘ অপেক্ষার পরে টেবিলে পরিবেশন হয় সেই খাবার। সেই মাংসে কামড় দিতেই যেন গা গুলিয়ে ওঠে! তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে ওই চিকেন তন্দুরি থেকে। পচা মাংস পরিবেশন করার অভিযোগ দুর্গাপুরের এক রেস্তরাঁর বিরুদ্ধে। ঘটনা ঘিরে হুলুস্থুল ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে। তাহলে কি নামী রেস্তরাঁয় পচা, বাসি মাংস পরিবেশন করা হচ্ছে দীর্ঘদিন থেকে? সেই প্রশ্ন উঠেছে।
জানা গিয়েছে, কলকাতার বেলঘরিয়ার বাসিন্দা রজত ঘোষ পরিবারের সদস্যদের নিয়ে দুর্গাপুরে গিয়েছিলেন। খিদের মুখে দুর্গাপুর সিটি সেন্টারে একটি রেস্তরাঁয় তাঁরা খেতে ঢোকেন। প্রথমে সকলের জন্যই চিকেন তন্দুরি অর্ডার করা হয়েছিল। বেশ কিছু সময় অপেক্ষার পর টেবিলে সেই খাবার পরিবেশনও করা হয়। মাংসের টুকরোয় কামড় দিতেই যেন গা গুলিয়ে ওঠে! ওই চিকেন তন্দুরিতে বিকট দুর্গন্ধও ছিল বলে অভিযোগ। পচা মাংস দিয়ে ওই চিকেন তন্দুরি বানানো হয়েছে বলে অভিযোগ করেন ওই পরিবারের সদস্যরা।
বিষয়টি প্রথমে ওই রেস্তরাঁ কর্তৃপক্ষকে বলা হয়। যদিও প্রথমে পচা খাবার পরিবেশনের কথা স্বীকার করেনি কর্তৃপক্ষ। খবর পেয়ে ওই রেস্তরাঁয় পৌঁছয় সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ। রজত ঘোষের অভিযোগ, "যে খাবার অর্ডার দেওয়া হয়েছিল সেটি দুর্গন্ধযুক্ত ছিল। প্রথমে বুঝতে পারিনি। কিন্তু আমাদের একজন সদস্য খেয়ে বুঝতে পারে খাবারটি দুর্গন্ধযুক্ত। তারপরেই বোঝা যায় এগুলি পচা খাবার।" প্রথমে না মানলেও পরে অভিযোগ অস্বীকার না করে বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে রেস্তরাঁ কর্তৃপক্ষ। নামী রেস্তরাঁয় কীভাবে পচা মাংস পরিবেশন করা হল? কেন আগে গুণগত মান খতিয়ে দেখা হল না? সেই প্রশ্ন উঠেছে।
রেস্তরাঁর ম্যানেজার জিসান হোসেন বলেন, "আমাদের রেস্তরাঁর নাম রয়েছে। গুণগত মানও ঠিক রাখা হয়। এরকম ঘটনা কোনওদিন ঘটেনি। তারপরেও এইরকম কেন হল, আমরা বিষয়টি দেখছি।” ঘটনায় রীতিমতো হইচই শুরু হয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
