নন্দন দত্ত, সিউড়ি: বিবাদের জেরে স্ত্রীকে হাঁসুয়ার কোপ। তারপর স্ত্রী মৃত ভেবে সোজা সাঁইথিয়া স্টেশনে গিয়ে আত্মঘাতী। এদিকে আশ্চর্যভাবে বেঁচে গেলেন স্ত্রীও। সাতসকালে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সাঁইথিয়ায়।
[ ফের গুলি চলল থানায়, বাঁকুড়ার শালতোড়ায় আত্মঘাতী এসআই ]
মৃতের নাম আবু বক্কর ওরফে শেখ মহম্মদ। ২৯ বছরের যুবকের স্ত্রীর নাম আয়েশা বিবি। শুক্রবার সকাল সকাল তাঁদের মধ্যে ঝামেলা হয়। পারিবারিক কারণেই এই ঝামেলা বলে জানা গিয়েছে। প্রতক্ষ্যদর্শীরা জানাচ্ছেন, ঝগড়া চলাকালীন আচমকাই এক কাণ্ড করেন আবু। হাঁসুয়া তুলে নিয়ে স্ত্রীর উপর কোপ বসিয়ে দেন তিনি। রক্তে ভেসে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন আয়েশা। তখনই ভয় পেয়ে যান ওই যুবক। তিনি ভেবে নেন যে স্ত্রী মারা গিয়েছে। হত্যার দায় তাঁরই। এরপর আইনি ঝামেলায় পড়তে হবে। ভয়ে বা অবসাদে- যে কোনও কারণেই হোক জীবনের প্রতি উৎসাহ হারিয়ে ফেলেন ওই যুবক। সোজা হাঁটা দেন সাঁইথিয়া স্টেশনের দিকে। প্রতিবেশীরাও তখন বুঝতে পারেননি ওই যুবক কী করতে চলেছেন। তাঁরা আয়েশাকে ঘিরেই ব্যস্ত ছিলেন। এই ফাঁকেই সাঁইথিয়া স্টেশনে গিয়ে আত্মঘাতী হন ওই যুবক। যখন এই খবর আসছে, তখন কিন্তু আশ্চর্যজনকভাবে প্রাণে বেঁচে গিয়েছেন মৃত যুবকের স্ত্রী। প্রতিবেশীদের উদ্যোগেই তাঁকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বলেই খবর। এখনও পর্যন্ত প্রাণে বেঁচে আছেন আয়েশা। তবে মৃত্যু হয়েছে তাঁর স্বামীর।
[ ফের কলেজে ভরতিতে তোলাবাজির অভিযোগ, গ্রেপ্তার ‘ছাত্রনেতা’ ]
ঘটনার জেরে শুক্রবার সকালেই চাঞ্চল্য ছড়িয়েছে সাঁইথিয়ায়। এলাকার অনেকের মত, নেশার কারণেই এমন কাণ্ড ঘটিয়েছেন মৃত যুবক। কাজকর্ম করতেন না তেমন। উপার্জনও ছিল না। ফলে জমি বিক্রি করতে চাইছিলেন। তা নিয়েই স্ত্রীর সঙ্গে অশান্তি হয়। সেই বিবাদের পরিণতিতে শেষমেশ প্রাণ গেল যুবকেরই।
The post বউকে কুপিয়ে আত্মঘাতী অনুতপ্ত স্বামী, এদিকে প্রাণে বেঁচে গেলেন স্ত্রীও appeared first on Sangbad Pratidin.
