বিজেপির 'ইশারায়' জাতীয় নির্বাচন কমিশন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার কাজ করছে! প্রথমদিন থেকেই এই অভিযোগ তুলে সরব হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনকে 'নির্যাতন কমিশন' বলে সরব হয়েছিলেন বরানগরের তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও (Sayantika Banerjee)। এবার একধাপ এগিয়ে তাঁর দাবি, তৃণমূল রবীন্দ্র সংগীত বাজালেও বাংলার মানুষ ভোট বাক্সে ডিজে বাজিয়ে দেবে। পাশাপাশি তিনি জানিয়েছেন, এলাকায় উন্নয়ন দেখতে পাচ্ছেন না বিরোধীরা। তাদের চোখে ছানি পড়েছে। নির্বাচনের পর মুখ্যমন্ত্রীকে ছানিশ্রী প্রকল্প চালু করতে বলবেন তিনি। যাতে বিরোধীরা কাজ দেখতে পারেন।
এ দিন বুধবার বরানগরের ১০ নম্বর ওয়ার্ডের শশীপদ ইনস্টিটিউট লেনে উপস্থিত ছিলেন তৃণমূলের তারকা বিধায়ক। সেখানে তিনি দাবি করেন, নিবার্চন কমিশন ও বিজেপি আঁতাত মানুষের কাছে খোলসা হয়ে গিয়েছে। বলেন, "নির্বাচন কমিশন যে নির্যাতন করেছে, তাতে তৃণমূল রবীন্দ্র সংগীত বাজালেও বাংলার মানুষ ভোট বাক্সে ডিজে বাজিয়ে দেবে। মানুষ নিদান দেবে। মানুষ ঠিক করে নিয়েছে গণতান্ত্রিক পদ্ধতিতে ডিজে বাজাবে।"
সঙ্গে বিরোধীদেরও কটাক্ষ করতেও ছাড়েননি তিনি। বরানগরের উন্নয়ন প্রসঙ্গ তুলে তাঁর সংযোজন, "আমি বিধায়ক নির্বাচিত হয়ে আসার পরে রাজ্য সরকারকে অনুরোধ করে সাত কোটি টাকা ব্যয়ে সব ওয়ার্ডে রাস্তা তৈরি করছি। কিন্তু বিরোধীদের এটা চোখে পড়ছে না। তাই বিরোধীদের চোখের ছানি কাটার জন্য দিদির কাছে আবেদন করব, ছাব্বিশের নিবার্চনের পরে ছানিশ্রী প্রকল্প চালু করতে। যাতে ওঁরা উন্নয়ন দেখতে পারে।"
