ফের এসআইআর আতঙ্ক কাড়ল প্রাণ। এবার ঘটনাস্থল হুগলির রিষড়া। শনিবার গভীর রাতে বাড়ি থেকে উদ্ধার হয় মহিলার ঝুলন্ত দেহ। অভিযোগ, চূড়ান্ত তালিকায় নাম না থাকায় দেশছাড়া হওয়ার আতঙ্ক গ্রাস করেছিল তাঁকে। যার পরিণতি এই মৃত্যু। রবিবার সকালে মৃতের বাড়িতে যান স্থানীয় তৃণমূল নেতারা। কমিশন ও বিজেপির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। কান্নায় ভেঙে পড়েছে পরিবার।
জানা গিয়েছে, মৃতার নাম মিনতি সেন। তাঁর বয়স ৫৮ বছর। হুগলির রিষড়া পঞ্চায়েতের ৪৪-৪৫ নম্বর বুথের বাসিন্দা তিনি। ২০০২ সালের ভোটার লিস্টে নাম ছিল তাঁর। কিন্তু এসআইআরের পর প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় ওঠেনি তাঁর ও ছেলের নাম। এতেই স্বাভাবিকভাবে প্রবল আতঙ্কে ভুগছিলেন মিনতিদেবী। দেশছাড়া হতে হবে, এই আশঙ্কা করছিলেন তিনি। এসবের মাঝেই শনিবার গভীর রাতে ঘর থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। পরিবার ও স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, এই মৃত্যুর দায় কমিশনের।
উল্লেখ্য, এই প্রথম নয়। রাজ্যে এসআইআর ঘোষণার পর থেকেই বিভিন্ন প্রান্ত থেকে আত্মহত্যা ও আত্মহত্যার চেষ্টার অভিযোগ প্রকাশ্যে এসেছে। একাধিক ভোটারের মৃত্যু হয়েছে। কেউ আত্মহননের পথ বেছে নিয়েছেন। কারও আবার দুশ্চিন্তায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। একাধিক বিএলও কাজের চাপে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। অতিরিক্ত তালিকা প্রকাশের সময়ও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেই চলেছে।
