আজ, শনিবার ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি পর্বের শেষ দিন। তার আগে বাদুড়িয়ায় উঠল মারাত্মক অভিযোগ। ৩৩ জন জীবিত ভোটারকে মৃত দেখিয়ে ফর্ম ৭ পূরণ করে জমা দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনায় চক্রান্তের অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল। অন্যদিকে বিডিও অফিসে বিক্ষোভ দেখিয়েছেন ভোটাররা। পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। অন্যদিকে গোটা ঘটনার রিপোর্ট তলব করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর।
ঘটনাটি ঘটেছে চণ্ডিপুর গ্রাম পঞ্চায়েতের ব্যানা গ্রামের ৪৫ নম্বর বুথ ও যশাইকাটি-আটঘরা গ্রাম পঞ্চায়েতের ৮০ নম্বর বুথে। মোট ৩৩ জন ভোটারকে ফর্ম সেভেন ব্যবহার করে 'মৃত' দেখানো হয়েছে, যদিও তাঁরা সবাই জীবিত। বিক্ষোভকারীদের দাবি, বিজেপির পক্ষ থেকেই পরিকল্পিতভাবে এই কাজ করা হয়েছে, যাতে তাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে। বিক্ষোভকারী ভোটাররা জানান, কোনও নোটিস বা যাচাই ছাড়াই তাঁদের নামের পাশে মৃত বলে উল্লেখ করা হয়েছে। তাঁদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া চেষ্টা হচ্ছে।
স্থানীয় তৃণমূল নেতা মেহেবুর আলম বলেন, "সামনে নির্বাচন। এসআইআর (SIR in West Bengal) প্রক্রিয়ার সুযোগ নিয়ে বিজেপি চক্রান্ত করে জীবিত ভোটারদের নাম মৃত দেখিয়ে বাদ দেওয়ার চেষ্টা করছে। এই চক্রান্ত সফল হবে না। ৩৩ জনের হেয়ারিংয়ের পর সংশ্লিষ্ট বিজেপি বুথ সভাপতির মণ্ডলের বিরুদ্ধে বাদুড়িয়া থানায় অভিযোগ দায়ের করা হবে।"
পালটা দিয়ে বিজেপির অভিযোগ তৃণমূল এসআইআর (SIR in West Bengal) প্রক্রিয়া বানচাল করার জন্য এই সব করছে। এ বিষয়ে বাদুড়িয়া ব্লকের বিডিও পার্থ হাজরা বলেন, "কয়েকজন ভোটার তাঁর কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন। বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।" এদিকে ঘটনায় নির্বাচনী আধিকারিকদের হেনস্তা ও গোটা ঘটনাটি কী ঘটেছে তা জানতে চেয়ে উত্তর ২৪ পরগনা জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করেছে রাজ্যের সিইও দপ্তর।
অন্যদিকে, একই অভিযোগ উঠেছে গাইঘাটার ধরমপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের নাইগাছি ১৪৮ নম্বর বুথে। একই বুথের ৬ জীবিত ভোটারকে মৃত দেখিয়ে ৭ নম্বর ফর্ম জমা দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। বিএলওর সঙ্গে যোগাযোগ ভোটাররা পুরো বিষয়টি জানতে পেরেছেন বলে দাবি করেছেন তাঁরা। সত্তর ঊর্ধ্ব আকবর মণ্ডল, হানিফ মণ্ডল, মছিম মণ্ডল, ফতেমা বিবি, নুরজাহান বিবি ও রহিমা বিবিরা বলেন, "নিয়মিত ভোট দিই তারপরও জানতে পারলাম আমাদের নামে ফর্ম ৭ জমা দিয়ে মৃত বলে দেখানো হয়েছে। আমরা জীবিত কিন্তু স্থানীয় বিজেপি নেতা কাগজে কলমে মৃত বানানোর চেষ্টা করেছেন।"
