অনলাইনে ট্রাইব্যুনালে আবেদন করেছেন। দীর্ঘ দিন পেরিয়ে গেলেও শুনানির জন্য কোনও ডাক মেলেনি। এই অবস্থায় ফের নথিপত্র হাতে বহরমপুরে জেলাশাসকের কার্যালয়ে হাজির মুর্শিদাবাদের প্রায় হাজার জন 'ডিলিট' ভোটাররা। এই বিষয়ে নির্বাচন কমিশন কোনও নির্দিষ্ট গাইডলাইন দেয়নি। অথচ শুক্রবার দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে নতুন করে নথিপত্র জমা দিলেন এই 'ডিলিট' ভোটাররা। দ্রুত যাতে তাঁদের নাম তোলার উদ্যোগ নেওয়া হয়, সেই দাবিও জানান তাঁরা।
জেলা প্রশাসনের এক কর্তা বলেন, "নির্বাচন কমিশন কোনও গাইডলাইন দেয়নি। তবে, এঁরা কেন এসেছেন জানি না। নথিপত্র-সহ আবেদন করছেন, আমরা জমা নিচ্ছি।"
এসআইআর (Bengal SIR) পর্বে 'বিচারাধীন' ভোটার তালিকায় রাজ্যের শীর্ষে ছিল মুর্শিদাবাদ জেলা। সেই নাম নিষ্পত্তি হওয়ার পরে জেলায় ৪ লক্ষ ৫৫ হাজার ১৩৭ জনের নাম ভোটার তালিকা থেকে 'ডিলিট' হয়েছে। সেই সমস্ত 'ডিলিট' ভোটাররা ট্রাইব্যুনালে যাওয়ার জন্য আবেদন শুরু করেছেন বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণের আগে থেকেই। ভোট গ্রহণের আগে ট্রাইব্যুনালে কিছু নামে নিষ্পত্তি হয়েছে। আবার অনেকে সেই সময়ে আবেদন করে উঠতে পারেননি। তাঁরাও এখন জেলাশাসক ভবনে এসে হাজির হচ্ছেন বলে জানা গিয়েছে।
জেলা প্রশাসনের এক কর্তা বলেন, "নির্বাচন কমিশন কোনও গাইডলাইন দেয়নি। তবে, এঁরা কেন এসেছেন জানি না। নথিপত্র-সহ আবেদন করছেন, আমরা জমা নিচ্ছি।" মুর্শিদাবাদের কান্দি বিধানসভা এলাকার সাঁটুই থেকে আসা 'ডিলিট' ভোটার সাবির শেখ বলেন, "আগে অনলাইনে ট্রাইব্যুনালে আবেদন করেছিলাম। তবে, এখনও শুনানির জন্য ডাকেনি। ফেসবুকে দেখেছি অনেকে আসছেন ডিএম অফিসে নথিপত্র জমা দিয়ে ফের আবেদন করতে। তাই চলে এসেছি।” এদিন রেজিনগরের শিমুলিয়া থেকে আসা কনেজা বিবি নামে এক 'ডিলিট' ভোটার বলেন, "কনেজার পরিবর্তে ফনেজা বিবি হয়েছিল বলে আমার নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে। ট্রাইব্যুনালে অনলাইনে আবেদন করেছিলাম। নাম যেন ভোটার তালিকায় তুলে দেয়, সেই দাবি জানাতে নথিপত্র-সহ আবার এসেছি। না হলে রেশন পাব না।"
