shono
Advertisement
Malda

মোথাবাড়ির পর আরও ছড়াচ্ছে বিক্ষোভ, মালদহে আক্রান্ত পুলিশ, ফাটল মাথা

Published By: Kousik SinhaPosted: 11:01 AM Apr 02, 2026Updated: 03:03 PM Apr 02, 2026

এসআইআর ইস্যুতে বুধবারের পর বৃহস্পতিবার সকাল থেকে নতুন করে মালদহে (Malda) বিক্ষোভ শুরু। কালিয়াচকের পর পুরাতন মালদহ ব্লকের মঙ্গলবাড়ি এলাকায় শুরু হয়েছে বিক্ষোভ-আন্দোলন। বিক্ষোভকারীদের দাবি, বৈধ নথি থাকা সত্ত্বেও ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। বিক্ষোভের জেরে নতুন করে ১২ নম্বর জাতীয় সড়ক সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়ে। সম্পূর্ণ ছিন্ন হয়ে পড়ে উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা। তীব্র যানজটের পরিস্থিতি তৈরি হয়। দীর্ঘসময় ধরে চলা বিক্ষোভ কর্মসূচি তুলতে গেলে  আক্রান্ত হতে হয় পুলিশকে। ভাঙচুর চলে পুলিশের গাড়িতে। এমনকী পুলিশের গাড়ির চালকের মাথা ফাটিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। 

Advertisement

ভোটার তালিকায় নাম না ওঠায় বুধবার সকাল থেকেই মালদহের (Malda) কালিয়াচক, মোথাবাড়ি এলাকায় মানুষের ক্ষোভ বাড়ছিল। কিন্তু বেলা বাড়তেই পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। জনরোষ আছড়ে পড়ে এসআইআরের কাজে যাওয়া বিচারকদের উপর। যার জেরে রাতদুপুরে অগ্নিগর্ভ হয়ে ওঠে মালদহের কালিয়াচক। অভিযোগ, বিক্ষোভকারী জনতা দীর্ঘক্ষণ ধরে কালিয়াচক ২ বিডিও অফিসে আটকে রাখেন সাতজন জুডিশিয়াল অফিসারকে। তাঁদের মধ্যে ছিলেন মহিলা-সহ ৩ জন বিচারক। এঁদের ঘিরেই চলে বিক্ষোভ। শেষমেশ গভীর রাতে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী গিয়ে বিচারকদের উদ্ধার করা হয়। যা নিয়ে এদিন সুপ্রিম তোপের মুখে পড়তে হয় কমিশন এবং রাজ্য প্রশাসনকে। 

এর মধ্যেই সকাল থেকে নতুন করে পুরাতন মালদহ ব্লকের মঙ্গলবাড়ি এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। এসআইআর ইস্যুতে ১২ নম্বর জাতীয় সড়কের বাইপাসে যদুপুরের বাসিন্দারা অবরোধ শুরু করেন। দীর্ঘসময় ধরে চলে এই বিক্ষোভ কর্মসূচি। আর তা তুলতে গিয়েই বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকেও। যদিও ঘটনার পরেই এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনীকে। বিশেষ করে ১২ নম্বর জাতীয় সড়ক, মালদহ-মোথাবাড়ি রাজ্য সড়কের বিভিন্ন জায়গায় পুলিশ পিকটে বসানো হয়েছে। এমনকী কেন্দ্রীয় বাহিনীকেও মোতায়েন করা হয়েছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement