shono
Advertisement

Breaking News

Natabari

ভোটের আগে রাজনৈতিক অশান্তি কোচবিহারে, তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত নাটাবাড়িতে জখম শাসকদলের কর্মীরা

তদন্তে নেমে পুলিশ দুই বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
Published By: Subhankar PatraPosted: 02:39 PM Mar 01, 2026Updated: 03:47 PM Mar 01, 2026

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত নাটাবাড়ি। দুই পক্ষের বচসা, হাতাহাতিতে জখম তৃণমূলের দুই কর্মী। অভিযোগ দায়ের থানায়। গ্রেপ্তার বিজেপির ২ কর্মী। তাঁদের আজ, রবিবার আদালতে পেশ করা হয়েছে। ঘটনায় ব্যাপক উত্তেজনা। তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

শনিবার সন্ধ্যায় নাটাবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতে বিজেপির সংকল্প যাত্রার প্রস্তুতির জন্য সভার আয়োজন করা হয়। কদমতলা ভেলাপেটা এলাকায় ওই সভায় উপস্থিত ছিলেন বিজেপির বিধায়ক মিহির গোস্বামী। অন্যদিকে, একই এলাকায় এসআইআর তালিকা প্রকাশের পর বহু বৈধ ভোটারের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে প্রতিবাদ মিছিল করে তৃণমূল।

দুই যুযুধান পক্ষ সামনিসামনি আসতেই গণ্ডগোলের শুরু। অভিযোগ, দু'পক্ষ একে অপরের দিকে ইট-পাটকেল ছুড়তে থাকে। ভাঙচুর চালানো হয়। মুহূর্তে রণক্ষেত্র চেহারা নেয় এলাকা। সংঘর্ষে আহত হন গুরু দাস ও শান্তিরাম দাস। মাথা ফাটে গুরু দাসের। তাঁকে কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি সেখানেই চিকিৎসাধীন। শান্তিরামকে নাটাবাড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে তুফানগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) কান্নেধারা মনোজ কুমারের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বিজেপির অভিযোগ, মিছিল থেকে বিজেপি কর্মীদের উদ্দেশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। টেবিল, সভার চেয়ার ভাঙচুর চালায় তৃণমূলের দুষ্কৃতীরা। অভিযোগ অস্বীকার করে পালটা কর্মীদের মারধরের অভিযোগ তুলে সরব হয়েছে শাসকদল। তৃণমূলের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তে নেমে পুলিশ দুই বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement