shono
Advertisement
BJP

আটকে বিজেপি কর্মীদের ব্রিগেডগামী বাস, রাস্তা যানজটমুক্ত করল তৃণমূল, সৌজন্যের ছবি ময়নায়

ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা। সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে সভায় যাওয়ার জন্য বাস, ট্রেনে করে রওনা হয়েছেন বিজেপির কর্মী-সমর্থকরা। বিজেপি কর্মীদের সভায় যেতে না দেওয়া, বাস ভাঙচুরের অভি্যোগ উঠেছে পশ্চিম মেদিনীপুরে। শাসক দল তৃণমূলের দিকে অভিযোগের আঙুল উঠেছে।
Published By: Suhrid DasPosted: 01:53 PM Mar 14, 2026Updated: 05:27 PM Mar 14, 2026

ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা (PM Modi Brigade Rally)। সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে সভায় যাওয়ার জন্য বাস, ট্রেনে করে রওনা হয়েছেন বিজেপির কর্মী-সমর্থকরা। বিজেপি কর্মীদের সভায় যেতে না দেওয়া, বাস ভাঙচুরের অভি্যোগ উঠেছে পশ্চিম মেদিনীপুরে। শাসক দল তৃণমূলের দিকে অভিযোগের আঙুল উঠেছে। মোদির সভা ঘিরে রাজনৈতিক উত্তাপও বাড়ছে বঙ্গে। এদিকে পূর্ব মেদিনীপুরের ময়নায় দেখা গেল সৌজন্যের ছবি। যানজটে আটকে পড়া বিজেপি কর্মীদের বাসকে রাস্তা করে দেওয়া হল।

Advertisement

জানা গিয়েছে, ময়না থেকে বাসে করে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন বিজেপির কর্মী-সমর্থকরা। রাস্তায় যানজট দেখা গিয়েছিল। বাস আটকে যায়। ওই রাস্তা দিয়েই তৃণমূল কংগ্রেসের মিছিল যাচ্ছিল। শাসক-বিরোধী দুই দল মুখোমুখি। তাহলে কি এবার রাজনৈতিক উত্তেজনা দেখা দিতে পারে? সংশয় দেখা দিয়েছিল সাধারণ মানুষের মধ্যে। কিন্তু দেখা গেল সৌজন্যের ছবি।

যানজটে আটকে থাকা বাসটিকে মুক্ত করার চেষ্টায় সামিল হন তৃণমূলের কর্মী-সমর্থকরা। বাস থেকে নেমে পড়েন কয়েকজন বিজেপি কর্মীও। তৃণমূল কর্মীরা রাস্তার যানজট মুক্ত করে বাসটিকে রাস্তা করে দেন। তৃণমূল ও বিজেপি কর্মীরা একে অপরের দিকে শুভেচ্ছা বিনিময় করলেন। অতীতে বিধানসভা, লোকসভা নির্বাচনের সময় রাজনৈতিক অস্থিরতা দেখা গিয়েছিল ময়না এলাকায়। সামনে বিধানসভা নির্বাচন। এবারও কি উত্তেজনা বাড়বে? এই প্রশ্ন উঠেছিল। তবে এদিন দেখা গেল রাজনৈতিক সৌজন্য।

তবে পশ্চিম মেদিনীপুরের বিজেপি কর্মীদের বাসে হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ব্রিগেডগামী বাস আটকে তাণ্ডব! কাঁচ ভাঙচুরে উত্তপ্ত বেলদা। পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার পাতলি এলাকায় ব্রিগেড সমাবেশে যাওয়ার পথে বিজেপি সমর্থকদের একটি রিজার্ভ বাসে হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। ঘটনায় বাসের একাধিক কাঁচ ভাঙচুর হয়েছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোর প্রায় সাড়ে পাঁচটা নাগাদ ব্রিগেড সমাবেশে যোগ দিতে বিজেপি কর্মী-সমর্থকদের নিয়ে একটি বেসরকারি রুটের বাস রওনা দেয়। বাসটি আহার মুন্ডা এলাকার দিকে যাচ্ছিল। অভিযোগ, সেসময় কয়েকজন যুবক বাইকে করে এসে বাসটির পথ আটকায়। চালকের কাছে জানতে চাওয়া হয়, কোথায় যাচ্ছে। চালক ব্রিগেডে বিজেপির কর্মসূচিতে যাওয়ার কথা জানাতেই অতর্কিতে হামলা চালানো হয় বলে অভিযোগ। বিজেপি কর্মীদের দাবি, দুষ্কৃতীরা বাসের কাঁচ ভেঙে দেয় এবং চালক ও খালাসিকেও মারধর করা হয়। জখম হন তাঁরা। তব পরিস্থিতি বেগতিক বুঝে চালক দ্রুত বাস ঘুরিয়ে এলাকা ছেড়ে বেরিয়ে যান।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement