তৃণমূলের শাসনকালে চুনো পুঁটি থেকে রাঘববোয়াল, আগাপাশতলা দুর্নীতিতে ডুবে থাকার অভিযোগ বারবার তুলেছিল তৎকালীন বিরোধী দল বিজেপি। এবার সরকার বদলাতেই একে একে সামনে আসছে 'তোলাবাজ'দের কীর্তি! সোমবার রাতে তোলাবাজির অভিযোগে পুলিশের জালে বিধাননগর পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
সোমবার রাতে গ্রেপ্তার করা হয় বিধাননগর পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশোভন মণ্ডল ওরফে মাইকেলকে। পুলিশ সূত্রের খবর, কেষ্টপুর এলাকায় একটি দোকান সংস্কারের জন্যে দোকানদারের কাছ থেকে কয়েক লাখ টাকা তোলা চেয়েছিলেন ওই কাউন্সিলর। অভিযোগ, তাঁর দাবি মতো টাকা না দিলে দোকান সংস্কারের কাজ বন্ধ করে দেওয়া হয়। কাউন্সিলরের বিরুদ্ধে ওই ব্যক্তি বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, লুটপাট ও হুমকির অভিযোগে গ্রেপ্তার অন্ডালের ছোড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান রামচরিত পাশওয়ান। অভিযোগ, শুরুটা ছিল একুশের নির্বাচনের সময় থেকে। অভিযোগ, দলের প্রভাব খাটিয়ে তোলাবাজি, হুমকি, মারধরে সিঁটিয়ে ছিল গোটা পঞ্চায়েত এলাকা। বিশেষ করে বিজেপি সমর্থকরাই ছিল নাকি তাঁর টার্গেট। একজন গ্রাম পঞ্চায়েত প্রধান হয়ে তিনি হয়ে উঠেছিলেন এলাকার ত্রাস। এলাকার মানুষের দাবি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে এতদিন ধরেই প্রশাসনের চোখ এড়িয়ে চলছিল এই তৃণমূল নেতা। অভিযোগ থাকা সত্ত্বেও কোনও পদক্ষেপ করেনি পুলিশ। কিন্তু রাজ্যে পালাবদল হতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। দুর্নীতির বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর 'জিরো টলারেন্স' হুঁশিয়ারির পরেই একের পর এক অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। শেষ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে রামচরিত পাশওয়ানকে। ধৃতকে মঙ্গলবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হবে।
