shono
Advertisement
TMC

জমি দখলের অভিযোগে গ্রেপ্তার, আদালতে যাওয়ার পথে ডিম হামলার মুখে কাঁথির তৃণমূল কাউন্সিলর

পুলিশের দাবি, কাঁথি এলাকায় জমি সংক্রান্ত একাধিক অভিযোগ উঠেছে অতনু গিরির বিরুদ্ধে। কিছু জমির নথিপত্রে জালিয়াতি করে তিনি মালিকানা বদলের চেষ্টাও করেছেন।
Published By: Jaba SenPosted: 09:45 PM Jun 07, 2026Updated: 09:45 PM Jun 07, 2026

তৃণমূলের আরও এক নেতাকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারার ঘটনা প্রকাশ্যে এল। জমি দখল, সরকারি প্রকল্পে কাটমানি নেওয়া-সহ একাধিক অভিযোগে কাঁথি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর অতনু গিরিকে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার তাঁকে কাঁথি আদালতে নিয়ে যাওয়ার পথে বিক্ষোভ দেখান স্থানীয়রা। তাঁকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারে উত্তেজিত জনতা। ওঠে চোর চোর স্লোগান। 

Advertisement

পুলিশের দাবি, কাঁথি এলাকায় জমি সংক্রান্ত একাধিক অভিযোগ উঠেছে অতনু গিরির বিরুদ্ধে। কিছু জমির নথিপত্রে জালিয়াতি করে তিনি মালিকানা বদলের চেষ্টা করেছেন বলে অভিযোগ। পাশাপাশি বেআইনিভাবে জমি বিক্রির ক্ষেত্রেও তাঁর নাম জড়িয়েছে। এই অভিযোগ সামনে আসার পর তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল পুলিশ। অবশেষে সেই তদন্তের ভিত্তিতেই কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই এই মামলার তদন্ত চলছিল। তদন্তকারীরা জমির নথি, রেজিস্ট্রির কাগজপত্র এবং বিভিন্ন আর্থিক লেনদেন খতিয়ে দেখেন। প্রাথমিক তদন্তে কিছু অসঙ্গতি ধরা পড়ার পরই পুলিশ তাঁর উপর নজরদারিতে রাখতে শুরু করে। পরে নির্দিষ্ট তথ্য ও প্রমাণের ভিত্তিতে কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়। অতনুকে জিজ্ঞাসাবাদ করে তাঁর সাগরেদ তথা এই চক্রের আর এক সক্রিয় সদস্য দিলীপ খান্ডাকে গ্রেপ্তার করে পুলিশ।

রবিবার অতনুকে আদালতে নিয়ে যাওয়ার পথে বিক্ষোভ দেখান স্থানীয় ও বিজেপি সমর্থকরা। আজ সকাল থেকেই কাঁথি থানার সামনে বিজেপির মহিলা কর্মী সমর্থকরা পচা ডিম নিয়ে উপস্থিত ছিলেন। তৃণমূল কাউন্সিলরকে আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছোড়ার পরিকল্পনা ছিল তাঁদের। সেই মতোই প্রস্তুত ছিলেন তাঁরা। এরপর অতনুকে গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় ক্ষোভে ফেটে পড়েন উত্তেজিত জনতা। কাউন্সিলরকে লক্ষ করে ছোড়া হয় ডিম। ওঠে চোর চোর স্লোগান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement