shono
Advertisement
Kaiser Ahmed

বাইরে থেকে এসেছে সুপারি কিলার! প্রাণনাশের আশঙ্কায় পুলিশের দ্বারস্থ কাইজার

ভাঙড়ে কাইজার বনাম শওকত সংঘাত নতুন নয়। যা নিয়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকেও একাধিক সময়ে অস্বস্তিতে পড়তে হয়েছে। এবার দলের বিধায়কের বিরুদ্ধেই পুলিশের দ্বারস্থ তৃণমূল নেতা।
Published By: Kousik SinhaPosted: 05:44 PM Feb 19, 2026Updated: 06:28 PM Feb 19, 2026

প্রাণনাশের আশঙ্কায় পুলিশের দ্বারস্থ তৃণমূল নেতা কাইজার আহমেদ। এই মর্মে ভাঙড় থানায় অভিযোগও দায়ের করেছেন তিনি। কাইজারের (Kaizar Ahmed) অভিযোগ, তাঁকে খুন করার চক্রান্ত চলছে। এক্ষেত্রে অভিযোগের তির তাঁরই সতীর্থ তথা ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে। কাইজার আহমেদের অভিযোগ, ''মাস খানেক ধরে তাঁকে খুন করার পরিকল্পনা করছেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা।'' এজন্য বাইরে থেকে সুপারি কিলার ভাড়া করে আনা হয় বলেও দাবি তৃণমূল নেতার। যদিও কাইজারের এহেন অভিযোগকে গুরুত্ব দিয়ে নারাজ তৃণমূল বিধায়ক। এমনকী এই বিষয়ে যা বলার দল বলবে বলেই জানিয়েছেন শওকত মোল্লা। 

Advertisement

ভাঙড়ে কাইজার বনাম শওকত সংঘাত নতুন নয়। যা নিয়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকেও একাধিক সময়ে অস্বস্তিতে পড়তে হয়েছে। এবার দলের বিধায়কের বিরুদ্ধেই পুলিশের দ্বারস্থ তৃণমূল নেতা। এই প্রসঙ্গে কাইজারের আরও অভিযোগ, ''কিছুদিন আগে একদল সুপারি কিলারকে ভাড়া করে আনা হয়েছিল। কিন্তু তাঁরা আমাকে চিনে উঠতে পারেননি। আর সেই কারণেই ফিরে গিয়েছেন।'' কিন্তু নতুন করে ফের একদল সুপারি কিলারকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে বলে বিস্ফোরক দাবি তৃণমূল নেতার। তিনি বলেন, ''আমাকে খুন করার জন্য নতুন করে আরও একদল সুপারি কিলারকে ভাড়া করে আনা হয়েছে। যাঁদেরকে ভাড়া করে আনা হয়েছে তাঁদের সকলের বাড়ি মেদিনীপুর।'' আর তা তাঁদের মধ্যে একজনের থেকে জেনেছেন বলে দাবি কাইজারের। এরপরেই তাঁর এবং পরিবারের নিরাপত্তার দাবিতে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি।

কাইজার আহমেদ পুরো বিষয়টি শুধু ভাঙড় থানাকে জানিয়েছেন তাই নয়, কলকাতা পুলিশের বিভিন্ন তদন্তকারী সংস্থাকেও এই বিষয়ে অভিযোগ জানিয়ে মেল করেছেন। এমনকী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও বিস্তারিত জানানো হয়েছে বলে জানিয়েছেন কাইজার। তবে এই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। তাঁর কথায়, ''কাইজার আহমেদের সম্পর্কে আমি কিছু বলবো না। যা বলার দল বলবেন।''

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement