সুমিত বিশ্বাস, পুরুলিয়া: ‘সারনা ধর্ম কোড’ চালু-সহ পাঁচ দফা দাবিতে রাজ্যজুড়ে আদিবাসীদের রেল অবরোধ। পূর্ব বর্ধমান, মেদিনীপুর এবং পুরুলিয়ায় শনিবার সকাল থেকে চলছে অবরোধ। তার ফলে বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন। কিছু ট্রেনকে ঘুরপথে গন্তব্যে পৌঁছতে হচ্ছে। আবার বেশ কিছু ট্রেন নানা স্টেশনে দাঁড়িয়েও পড়ে। স্বাভাবিকভাবেই চরম ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা।
আদিবাসী সেঁঙ্গেল অভিযানের ডাকে শনিবার সকালে পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে রেল অবরোধ হয়। প্রায় দু’ঘণ্টা ধরে চলে অবরোধ। তার ফলে দাঁড়িয়ে পড়ে একাধিক ট্রেন। রেলপুলিশের তৎপরতায় অবরোধ ওঠে। তবে মালদহের গাজোলের আদিনা স্টেশন এবং দক্ষিণ পূর্ব রেলের আদ্রা পুরুলিয়া চাণ্ডিল শাখায় চলছে অবরোধ। রেললাইনের উপর ধামসা, মাদল বাজিয়ে অবরোধ চালিয়ে যাচ্ছেন আদিবাসী সংগঠনের প্রতিনিধিরা। এদিকে, উত্তর দিনাজপুরের রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে চলছে পথ অবরোধ। সকাল সাড়ে ৮টা থেকে ৩৪ নম্বর জাতীয় সড়ক এবং রায়গঞ্জ বালুরঘাটে ১০/এ রাজ্য সড়ক অবরোধ হয়।
[আরও পড়ুন: ‘এরপর ভোট চাইতে আসবেন না’, ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের আমজনতার বার্তা প্রেসিডেন্টকে]
তার ফলে গন্তব্যে পৌঁছনোর আগে দাঁড়িয়ে পড়ে আনন্দবিহার-পুরী, ডাউন শতাব্দী এক্সপ্রেস, কুলিক এক্সপ্রেস। বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। ভোগান্তির শিকার যাত্রীরা। অবরোধ প্রসঙ্গে পুরুলিয়া জেলা সভাপতি সনৎ কুমার বেসরা বলেন, “দাবিপূরণ না হওয়া পর্যন্ত আমাদের অবরোধ কর্মসূচি চলবে।”
