রঞ্জন মহাপাত্র, কাঁথি: দিঘার সমুদ্রে ভেসে এল মৃতদেহ ও মাছধরা ট্রলারের ভগ্নাংশ। সোমবার সকালে মন্দারমণির কোস্টাল থানার দাদনপাত্র বাড়ের খাড়পাল খটি থেকে দেহটি উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে দিঘার মেরিনা ঘাট থেকে উদ্ধার হয়েছে “মা মঙ্গলা” নামের ট্রলারটির ভাঙাচোরা অংশবিশেষ। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ট্রলারটি ওড়িশার। কয়েকদিন আগে মাছ ধরতে গিয়েই নিখোঁজ হয়ে যায় ট্রলারটি। উদ্ধার হওয়া মৃতদেহটি ওই ট্রলারের মৎস্যজীবীর। নাম ঝড়েশ্বর পাল। মৃতের বয়স আনুমানিক ৪৫ বছর। তাঁর বাড়ি ওড়িশার ভোগরাই থানার কীর্তনিয়া মাটিকেঁচা এলাকায়। দেহ ও ট্রলার উদ্ধারের পরে পরেই বিষয়টি নিয়ে ওড়িশা পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে দিঘা পুলিশ।
[কালীঘাট মন্দিরের সামনে ১০ টাকার বখরা নিয়ে রক্তারক্তি কাণ্ড, গুরুতর জখম বৃদ্ধা]
স্থানীয় প্রশাসন সূত্রের খবর, দিন কয়েক আগেই ওড়িশার কীর্তনিয়া ঘাট থেকে মৎস্যজীবীদের একটি দল বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। কয়েক ঘণ্টার মধ্যেই প্রতিকূল আবহাওয়ার মুখে পড়ে বেশ কয়েকটি ট্রলারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় স্থানীয় প্রশাসনের। ওড়িশা প্রশাসনের তরফে সেই খবর জানানো হয়েছিল দিঘা প্রশাসনকেও। নিখোঁজ হয়ে যাওয়া ট্রলার ও মৎস্যজীবীদের খোঁজে তল্লাশিও শুরু হয়। ঠিক এরমধ্যেই এদিন সকালে দিঘার মেরিনা ঘাটে উদ্ধার হল নিখোঁজ হওয়া মা মনসা ট্রলারের ভাঙা অংশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান মৃত মৎস্যজীবীও ওই ট্রলারেই ছিলেন। স্থানীয় জাহালদা খটিতে আরো এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে। মৃত ব্যক্তিও ডুবে যাওয়া ট্রলারের মৎস্যজীবী বলে মনে করছে পুলিশ।
[টরন্টোয় জন্মদিনের অনুষ্ঠানে বন্দুকবাজের হামলা, ৯ জনকে লক্ষ্য করে গুলি]
উল্লেখ্য প্রতিকূল আবহাওয়ার কারণে মা মঙ্গলা ট্রলারটি মাঝ সমুদ্রে ডুবে যায়। সেই সময় আশপাশে থাকা অন্য ট্রলারের সহযোগিতায় বেশ কয়েকজন মৎস্যজীবীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। যদিও কয়েকজন নিখোঁজ ছিলেন। তারই দু’জনের দেহ এদিন উদ্ধার হয়েছে। কাকদ্বীপে তিনটি ট্রলার ডুবির ঘটনায় এখনও নিখোঁজ বেশ কয়েকজন মৎস্যজীবী। যাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে উপকূলরক্ষী বাহিনী। নিখোঁজেদের মধ্যে কেউ কেউ একই পরিবারের। এই ঘটনায় দুশ্চিন্তার প্রহর গুনছে নিখোঁজ মৎস্যজীবীদের পরিবার। এরইমধ্যে দিঘায় ওড়িশার সমুদ্র উপকূলে ডুবে যাওয়া ট্রলার উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
The post দিঘার সমু্দ্রে মিলল ট্রলারের ভাঙাচোরা অংশ, উদ্ধার মৎস্যজীবীর দেহ appeared first on Sangbad Pratidin.
