shono
Advertisement
Durgapur

অভিভাবকের সামনেই ছাত্রের 'গলা টিপে' মারধর প্রিন্সিপালের, স্কুলে ব্যাপক ভাঙচুর, পুলিশের লাঠিচার্জ!

স্কুলে দুই ছাত্রের ঝামেলা! এক ছাত্রের অভিভাবকদের স্কুলে ডেকে পাঠিয়েছিলেন প্রিন্সিপাল। অভিযোগ, অভিভাবকদের সামনেই ওই ছাত্রকে শাসনের নামে তার 'গলা টিপে' মারধর করেন প্রিন্সিপাল! সেই ঘটনার জেরে রণক্ষেত্রের আকার নিল স্কুল চত্বর।
Published By: Suhrid DasPosted: 03:21 PM Aug 14, 2026Updated: 03:21 PM Aug 14, 2026

স্কুলে দুই ছাত্রের ঝামেলা! এক ছাত্রের অভিভাবকদের স্কুলে ডেকে পাঠিয়েছিলেন প্রিন্সিপাল। অভিযোগ, অভিভাবকদের সামনেই ওই ছাত্রকে শাসনের নামে তার 'গলা টিপে' মারধর করেন প্রিন্সিপাল! সেই ঘটনার জেরে রণক্ষেত্রের আকার নিল স্কুল চত্বর। ব্যাপক ভাঙচুর চালানো স্কুলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আসরে নামে। বিক্ষোভকারীদের হটাতে লাঠিচার্জ করা হয়। ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল দুর্গাপুরের কাঁকসার পানাগড়ে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পানাগড় এলাকার ওই স্কুলে ঘটনার সূত্রপাত গতকাল, বৃহস্পতিবার। অভিযোগ, গতকাল নবম শ্রেণির দুই ছাত্রের মধ্যে ঝামেলা হয়েছিল। সেই ঘটনায় এক ছাত্রের অভিভাবকদের সন্ধ্যায় স্কুলে ডেকে পাঠানো হয়। সেসময় স্কুলের প্রিন্সিপালের সঙ্গে ওই ছাত্র তর্কাতর্কি করে ফেলে! প্রিন্সিপাল শাসনের নামে নবম শ্রেণির ওই ছাত্রের 'গলা টিপে' ধরে অভিভাবকদের সামনেই তাকে মারধর করেন বলে অভিযোগ। ঘটনা জানাজানি হতেই ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।

স্কুল চত্বরে তাণ্ডব বিক্ষোভকারীদের। নিজস্ব চিত্র

সেই ঘটনার রেশ আজ, শুক্রবার দেখা যায় স্কুলের সামনে। স্থানীয়রা স্কুল শুরুর আগে এলাকায় জড়ো হয়েছিল। এক শিক্ষক স্কুলে আসার সময় তাঁকে আটকে রাখা হয়! সেই ঘটনায় স্কুলের তরফে কাঁকসা থানায় যোগাযোগ করলে পুলিশ দ্রুত সেখানে পৌঁছয়। ওই শিক্ষককে মুক্ত করে এলাকা ফাঁকা করে দেওয়া হয়। পুলিশ ফিরে যেতেই ওই ঘটনায় আরও জনরোষ তৈরি হয় বলে অভিযোগ। ক্ষুব্ধ মানুষজন এরপর স্কুলে হামলা চালায়! অভিযোগ, স্কুলের ভিতর ঢুকে বিক্ষোভকারীরা ব্যাপক ভাঙচুর চালাতে থাকে! ঘটনায় স্কুলের পড়ুয়াদের, শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফের স্কুল চত্বরে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। এবার বিক্ষোভকারীদের সরাতে চলে ব্যাপক লাঠিচার্জ। তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই চত্বরে। পুলিশ রীতিমতো তাড়া করে হামলাকারীদের পাকড়াও করে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার রাসপ্রিত সিং বলেন,"দুই ছাত্রর মধ্যে গণ্ডগোল বেঁধেছিল। পরে সেই বিবাদ স্কুলের প্রিন্সিপালের সঙ্গেও হয়। আমরা এখনও পর্যন্ত প্রায় ১০ জনকে আটক করেছি। তদন্ত চলছে।" পরিস্থিতি শান্ত হলেও এলাকায় চাপা উত্তেজনা রয়েছে বলে খবর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement