সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাড়ির ধাক্কায় পাঁচজনের মৃত্যুর খবরে উত্তাল হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর। উত্তেজিত জনতা ভাঙচুর করে ঘাতক গাড়িটিকে। গাড়ির চালক অবশ্য পলাতক।
(আজ থেকেই এটিএমে মিলবে ১০,০০০ টাকা)
ঘটনা সোমবার বিকেলের। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, অত্যন্ত গতিতে আসছিল একটি স্করপিও গাড়ি। আচমকা সেটি নিয়ন্ত্রণ হারিয়েই ধাক্কা দেয় পথচারীদের। ঘটনায় চার পড়ুয়া-সহ মোট পাঁচজনের মৃত্যু হয় বলে জানা যাচ্ছে। দুর্ঘটনার খবর ছড়াতেই উত্তেজিত জনতা ঘাতক গাড়িটিতে ভাঙচুর চালায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ এলে তাদের সঙ্গে খন্ডযুদ্ধ বেধে যায় উত্তেজিত জনতার। পুলিশ লাঠিচার্জও করে বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, বেপরোয়া গাড়ি চালানোর জন্যই এই ঘটনা। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে তারা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন বিরাট পুলিশবাহিনী।
