shono
Advertisement

চুরি করতে এসে ভোটার কার্ড ফেলে উধাও, পুলিশের জালে চোর

চোরেরও পরিচয়পত্র! The post চুরি করতে এসে ভোটার কার্ড ফেলে উধাও, পুলিশের জালে চোর appeared first on Sangbad Pratidin.
Posted: 08:28 PM Feb 17, 2018Updated: 08:44 PM Feb 17, 2018

নন্দন দত্ত, সিউড়ি: চোরেরও পরিচয়পত্র! সে তো রাখতেই হবে, না হলে যা দিনকাল পড়েছে কোনও সময়ে না বাংলাদেশি বলে জেলে চালান করে দেয়। চোর বটে, কিন্তু খাঁটি দেশি। এটা প্রমাণ করতেই চোর বাবাজি সবসময় পকেটে ভোটার আইডি রাখত। আর শেষ পর্যন্ত সেই সচিত্র পরিচয়পত্রই তার কাল হল। নিজের ভোটার কার্ড হারিয়ে ধরা পড়ে গেল সে।

Advertisement

বিষয়টা একটু এবার খোলসা করে বলা যাক। গত তিনদিন ধরে নলহাটিতে একের পর এক চুরি হচ্ছিল। কিন্তু কোনও ক্ষেত্রেই ধরা পড়ছিল না চোর। দিব্যি হাকসাফাই করে গা ঢাকা দিচ্ছিল নলহাটি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের কয়েল পাড়ার বাসিন্দা মুন্না খান। বেশির ভাগ চুরিই হচ্ছিল মোবাইলেন দোকান থেকে। একের পর এক মোবাইল হাতিয়ে দিন চলছিল মুন্নার। কিন্তু কাল হল তার ওই ভোটার কার্ড। যেখানেই চুরি করতে যেত, পকেটে ভোটার কার্ডটি সঙ্গে থাকত তার। শুক্রবার সন্ধ্যায় যথারীতি নলহাটি পুরসভার চাউলপট্টি এলাকায় একটি মোবাইলের দোকানে ঢোকে মুন্না। সবাইকে ফাঁকি দিয়ে একটি দামি মোবাইল হাতিয়েও নেয় সে। কিন্তু কাজ সেরে তড়িঘড়ি দোকান ছেড়ে সটকাতে গিয়েই ভোটার কার্ডটি পকেট থেকে  পড়ে যায়।

[এক রুটের যাত্রী নিয়ে অন্য রুটে বারাণসী এক্সপ্রেস, যাত্রী বিক্ষোভ বর্ধমানে]

পালানোর তাগিদে বিষয়টি খেয়ালই করেনি মুন্না। এদিকে শনিবার সকালে ওই চুরি যাওয়া দোকানের সামনে থেকে একটি ভোটার কার্ড কুড়িয়ে পান স্থানীয় বাসিন্দারা। সেই সচিত্র পরিচয়পত্রে জ্বলজ্বল করছে মুন্না খানের নাম ও বাড়ির ঠিকানা। ব্যাপারটি কেমন সন্দেহজনক ঠেকে মানুষের। অচিরেই চিহ্নিত করা হয় মুন্নার বাড়ি। তাকে ডেকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করতেই ভ্যাবাচ্যাকা খেয়ে বেশ কিছুটা তালগোল পাকিয়ে ফেলে ‘মুন্নাভাই’। অতঃপর তাকে ধরে বেশ কিছুটা উত্তম মধ্যম। ব্যস! সুড়সুড় করেই নিজের মুখেই কীর্তির কথা স্বীকার করে নেয় সে।

এরপর এলাকার লোকেরাই তার কাছ থেকে উদ্ধার করে আগের রাতের চুরি যাওয়া মোবাইলটি। এরপরই পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্তকে। পুলিশ জানিয়েছে, মুন্নার বিরুদ্ধে বাইক চুরিরও অভিযোগ রয়েছে।

এলাকাবাসীরা জানিয়েছে ধরা পড়ার পর চোর বাবাজি বিড়বিড় করে বলছিল, ‘চোর হলেও আমি যে দেশের নাগরিক, বাংলাদেশি নয় সেটা প্রমাণ করতেই তো পকেটে ভোটার আই-ডি কার্ড রাখতাম। কিন্তু এ কার্ড-ই যে আমার বিপদের কারণ হবে তা আর বুঝতে পারিনি।’ জেল থেকে ছাড়া পেয়ে সে আবার ভোটার আইডি কার্ড পকেটে রেখেই চুরি করবে কিনা, সেটা অবশ্য জানা হয়নি।

[দুর্গাপুরে গীতাঞ্জলির শো রুমে হানা ইডির, বাজেয়াপ্ত কিছু নথি]

The post চুরি করতে এসে ভোটার কার্ড ফেলে উধাও, পুলিশের জালে চোর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার