shono
Advertisement
WB health dept

দানের রক্ত-প্লাজমা ভিনরাজ্যে পাচার! কলকাতা-সহ রাজ্যের একাধিক জায়গায় অভিযান স্বাস্থ্যদপ্তরের

দানের রক্ত-প্লাজমা বাংলা থেকে ভিনরাজ্যে পাচারের অভিযোগ। এবার বাংলার একাধিক জায়গায় অভিযান চালাল রাজ্য স্বাস্থ্যদপ্তরের। কলকাতা, নদিয়া, দুর্গাপুরের বেশ কয়েকটি হাসপাতাল ও বেসরকারি ব্লাডব্যাঙ্কে এই অভিযান চলছে। কোটি কোটি টাকার বিনিময়ে এই রক্ত-প্লাজমা বাইরে পাচার হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
Published By: Suhrid DasPosted: 02:12 PM Jul 28, 2026Updated: 02:37 PM Jul 28, 2026

দানের রক্ত-প্লাজমা বাংলা থেকে ভিনরাজ্যে পাচারের অভিযোগ। এবার বাংলার একাধিক জায়গায় অভিযান চালাল রাজ্য স্বাস্থ্যদপ্তর। কলকাতা, নদিয়া, দুর্গাপুরের বেশ কয়েকটি হাসপাতাল ও বেসরকারি ব্লাড ব্যাঙ্কে এই অভিযান চলছে। কোটি কোটি টাকার বিনিময়ে এই রক্ত-প্লাজমা বাইরে পাচার হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বহু ক্ষেত্রেই রক্ত সংকট যাতে না হয়, সেজন্য বাংলার বিভিন্ন জায়গায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। অনেক ক্ষেত্রেই ওইসব রক্তের বহু ইউনিট বাইরে চলে যায় বলেও অভিযোগ।

Advertisement

এইসব কিছুই খতিয়ে দেখতে উঠেপড়ে লেগেছে স্বাস্থ্য দপ্তর। এই বিষয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, অভিযান চালানো হচ্ছে। বিভিন্ন জায়গায় হাসপাতাল ও ব্লাড ব্যাঙ্কের কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে। কোনও দুর্নীতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলেও মন্ত্রী জানিয়েছেন। আগেই শহরের দুটি ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে রক্তপাচারের অভিযোগ উঠেছিল। এবার কলকাতার আরও একটি ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে রক্ত নিয়ে বেআইনি কারবারের অভিযোগ সামনে এল। পদ্মপুকুর হেল্থ পয়েন্ট, যোধপুর পার্কের অশোক ব্লাড ব্যাঙ্কের পর এবার সিআইটি রোডের লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের কীর্তি ফাঁস! অভিযোগ, ৬ মাসের মধ্যে অন্তত সাড়ে ৩ হাজার ইউনিট লোহিত রক্তকণিকা বিক্রি করা হয়েছে ভিনরাজ্যে। বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডের মতো রাজ্যের ব্লাড ব্যাঙ্কে রক্ত বিক্রি করা হয়েছে বলে অভিযোগ।

কেবল কলকাতাই নয়, একাধিক জেলার বেসরকারি হাসপাতাল ও ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত-প্লাজমা বিক্রি হয়ে গিয়েছে বলে অভিযোগ। তৃণমূল আমল থেকে এই চক্র চলছে বলে অভিযোগ। বিভিন্ন রাজ্যে মোটা টাকায় ওই রক্ত-প্লাজমা চলে যায়! বিজেপি সরকার আসার পরে এই বিষয়টি সামনে আসে। চলতি মাসেই বেশ কয়েকটি হাসপাতাল ও ব্লাড ব্যাঙ্ক থেকে এই অভিযোগ উঠেছিল। এবার অভিযানে নামলেন স্বাস্থ্যদপ্তরের আধিকারিকরা। কলকাতার বেলেঘাটার একটি ব্লাড ব্যাঙ্ক, অন্ডাল ও নদিয়াতেও অভিযান চলছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, আট-দশটি হাসপাতাল ও ব্লাড ব্যাঙ্কে অভিযান চলছে। এই বিষয়ে ওইসব সংস্থার তরফে মুখ খোলা হয়নি। অভিযানে আসা আধিকারিকরাও কোনও কথা বলতে চাননি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement