shono
Advertisement
Supreme Court

নাবালক, 'স্বচ্ছ' অতীতেও মুক্তি! তবে রেহাই পাবে না 'দাগি'রা, নিট বিক্ষোভে 'সুপ্রিম' রায়

CJP Protest: প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়ে দিল, যেসব আন্দোলনকারীদের বয়স আঠেরো বছরের নিচে তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে।
Published By: Anwesha AdhikaryPosted: 01:07 PM Jul 28, 2026Updated: 04:20 PM Jul 28, 2026

নিট বিক্ষোভকারীদের মামলায় বড়সড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়ে দিল, যেসব আন্দোলনকারীদের বয়স আঠেরো বছরের নিচে তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। এছাড়াও যেসব প্রতিবাদীদের অতীতে কোনও অপরাধের নজির নেই, মুক্তি দিতে হবে তাদেরও। শীর্ষ আদালত আরও জানিয়েছে, প্রতিবাদীদের বিরুদ্ধে যেসমস্ত এফআইআর দায়ের হয়েছে সেই অভিযোগের ভিত্তিতেও কোনও পদক্ষেপ করা যাবে না।

Advertisement

গত ২০ জুন দিল্লিতে পড়ুয়াদের সংসদ অভিযানে পুলিশের লাঠিচার্জ, নানা রাজ্যে প্রতিবাদীদের গ্রেপ্তার-সহ একাধিক ইস্যুতে মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। মঙ্গলবার বেশ কয়েকটি মামলা একত্রিত করে শুরু হয় শুনানি। প্রধান বিচারপতির বেঞ্চে শুনানির পর অন্তর্বর্তী রায় দেওয়া হয়। তিন সদস্যের বেঞ্চ জানিয়েছে, নাবালকদের এবং অতীতে অপরাধের রেকর্ড না থাকা ধৃতদের অবিলম্বে মুক্তি দিতে হবে। এই মর্মে কেন্দ্র সরকারকে নোটিস দিয়েছে শীর্ষ আদালত। এছাড়াও মহারাষ্ট্র, বিহার, অসম, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং দিল্লি সরকারকেও নোটিস পাঠানো হয়েছে।

তবে যেসব বিক্ষোভকারীদের অতীতে ক্রিমিনাল রেকর্ড রয়েছে তাদের মুক্তির নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি বলেন, "গোটা ঘটনায় স্বাধীন তদন্ত হওয়া প্রয়োজন। যারা বাড়াবাড়ি করেছে, আইন নিজের হাতে তুলে নিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।" একই সঙ্গে প্রধান বিচারপতির নির্দেশ, প্রতিবাদীদের ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে আনা যাবে না। ঘটনার যাবতীয় ভিডিও এবং অন্যান্য ফুটেজও সংরক্ষণের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

এখানেই শেষ নয়। আগামী দিনে এহেন আন্দোলনের মোকাবিলা করতে নতুন নীতি নির্ধারণের প্রয়োজন রয়েছে বলেও জানায় সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির কথায়, "সমস্ত প্রতিবাদই গণতন্ত্রের অংশ। সেখানে কী ধরনের কাঁদানে গ্যাস বা অন্য কী প্রতিরোধমূলক ব্যবস্থার অনুমতি দেওয়া উচিত সেই নিয়েও সিদ্ধান্ত নেওয়া দরকার।" উল্লেখ্য, নিট প্রতিবাদীদের লক্ষ্য করে একে ৪৭ চালাতে দেখা গিয়েছে বিহারের এক পুলিশকর্মীকে। সম্ভবত সেকারণেই এহেন মন্তব্য শীর্ষ আদালতের। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement