shono
Advertisement
West Bengal Weather Update

বিকেলে তুমুল ঝড়বৃষ্টি, ভিজবে বাংলার কোন কোন জেলা?

তবে তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই। বজায় থাকবে গরম ও অস্বস্তিকর আবহাওয়া।
Published By: Sayani SenPosted: 10:14 AM Apr 17, 2026Updated: 12:42 PM Apr 17, 2026

দিনভর তীব্র গরম। বিকেলের পর থেকে বদলাতে পারে আবহাওয়া। ধেয়ে আসতে পারে ঝড়বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে দেওয়া হয়েছে এমনই পূর্বাভাস। শুক্রবার বিকেলের পর থেকে কলকাতা-সহ রাজ্যের প্রায় সব জেলাতেই হতে পারে ঝড়বৃষ্টি। ভিজতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিও। তবে তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই। বজায় থাকবে গরম ও অস্বস্তিকর আবহাওয়া।

Advertisement

হাওয়া অফিস সূত্রে খবর, পূর্ব-পশ্চিম অক্ষরেখা মনিপুর থেকে রাজস্থান পর্যন্ত বিস্তৃত। এটি বাংলাদেশ আসাম গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খন্ড মধ্যপ্রদেশের উপর দিয়ে গিয়েছে। আরো একটি উত্তর দক্ষিণ অক্ষরেখা রয়েছে। তার প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। এদিকে, কলকাতায় সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। পরে মেঘলা আকাশ হতে পারে। দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির আশঙ্কা। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। ঝড়বৃষ্টিতে তীব্র গরম থেকে রাতের দিকে সাময়িক স্বস্তি মিলবে। তবে শনিবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৭১ থেকে ৯২ শতাংশ। সোমবারের মধ্যে কলকাতার তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে।

কলকাতার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। শনি ও রবিবার বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ঝড়বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হলেও গরম ও অস্বস্তি বজায় থাকবে।
বিশেষত পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে গরমে হাসফাঁস পরিস্থিতি হবে। পশ্চিমের জেলাতে ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে।

এদিকে, উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। এই জেলাগুলিতে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা। শনিবার ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে। দার্জিলিং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ হতে পারে ৭০ থেকে ১০০ মিলিমিটার। বাকি পাঁচ জেলায় ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বজ্রবিদ্যুৎ-সহ ৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। রবিবারেও হতে পারে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement