রাজ্যজুড়ে পরিবর্তন যাত্রা, কিন্তু লোক কোথায় সেই যাত্রাপথে। ভাবাচ্ছে বিজেপিকে (BJP)। বিশেষ করে ভিনরাজ্যেরর হাই প্রোফাইল নেতা থেকে মুখ্যমন্ত্রীকে এনে বক্তৃতা করিয়েও মাঠ ভরছে না। একই হাল অভিনেতা, দলের জাতীয় কর্মসমিতির সদস্য মিঠুন চক্রবর্তী অথবা রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য কিংবা প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীর সভায়। তা সে একেবারে কলকাতার প্রাণকেন্দ্র রানি রাসমণি অ্যাভিনিউ হোক অথবা আমতা, লালগড় বা বনগাঁ।
শমীক থাকলেও লোক কম হওয়ার আশঙ্কায় তো কলকাতার সভায় থাকলেনই না মিঠুন। চেয়ার ফাঁকা পড়ে থাকা অবস্থায় তৃণমূলের বিরুদ্ধে নানা আওয়াজ তুলে পরিবর্তনের ডাক দিলেন শমীক। আর বৃহস্পতিবার লালগড়ে ‘পরিবর্তন সংকল্প যাত্রা’য় নির্ধারিত সময়ে রথ না পৌঁছনো এবং ভিড় কম থাকায় হতাশা দেখা যায় কর্মী-সমর্থকদের মধ্যেই। রবিবার পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থেকে বিজেপির ‘পরিবর্তন সংকল্প যাত্রা’র সূচনা হয়েছিল। সেই রথ বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলায় ঢোকে। প্রথমে লালগড়ে পৌঁছনোর কথা থাকলেও নির্ধারিত সময়ের প্রায় পাঁচ ঘণ্টা পরে রথ সেখানে পৌঁছয় বলে স্থানীয় সূত্রের খবর। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও রথ না আসায় অনেক কর্মী-সমর্থক এবং কৌতূহলী মানুষ হতাশ হয়ে বাড়ি ফিরে যান। ফলে লালগড়ে যখন দিলীপবাবু বক্তব্য রাখছেন, তখন সেখানে গুটিকয় মানুষ।
শমীক থাকলেও লোক কম হওয়ার আশঙ্কায় তো কলকাতার সভায় থাকলেনই না মিঠুন। চেয়ার ফাঁকা পড়ে থাকা অবস্থায় তৃণমূলের বিরুদ্ধে নানা আওয়াজ তুলে পরিবর্তনের ডাক দিলেন শমীক।
হাওড়ার শ্যামপুরে পরিবর্তন যাত্রায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, এই নির্বাচন বাংলাকে বাঁচানোর নির্বাচন (West Bengal Assembly Election)। রাজ্যজুড়ে বিজেপির ঝড় বইছে। কিন্তু সেই ঝোড়ো উপস্থিতি কোথায়। বিজেপির হাওড়া-হুগলির পরিবর্তন যাত্রার দ্বিতীয় দিনে শুরুর কথা ছিল আমতার পাত্রপোল থেকে। আসার কথা মিঠুন চক্রবর্তীর। সবকিছু ঠিকঠাকই ছিল। তাল কাটল সময় মতো মিঠুন না আসায়। বারোটা বাজতে চললেও তিনি না আসায় মহিলা বিজেপি কর্মী-সমর্থকরা ক্ষোভে ফুঁসতে শুরু করলেন। শেষমেশ বারোটা পার হয়ে গেলে মিঠুন চক্রবর্তী আসেন। ততক্ষণে ময়দান অনেকটাই খালি।
এদিনই ক্যানিংয়ের বাহিরসোনা এলাকায় উপস্থিত হয়ে বিজেপির ‘সংকল্প পরিবর্তন যাত্রা’র সূচনা করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। সেখানেও তেমন সাড়া ছিল না। বসিরহাটে কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন রাষ্ট্রমন্ত্রী শ্রীমতী সাবিত্রী ঠাকুর ইসলামপুরে পরিবর্তন যাত্রায় ছিলেন। উত্তর ২৪ পরগনা বিভাগের হিঙ্গলগঞ্জে ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।
