রাজ্যের নানা প্রান্ত থেকে ভোট পরবর্তী হিংসার খবর আসছে। খুন হচ্ছেন তৃণমূল ও বিজেপির কর্মীরা। এই আবহে ক্যানিংয়ের জীবনতলায় তৃণমূল কার্যালয় থেকে উদ্ধার ধারালো অস্ত্র। প্রায় ১৮টি ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। মঙ্গলবার তৃণমূলের পঞ্চায়েত প্রধানের দলীয় কার্যালয় থেকে অস্ত্রগুলি উদ্ধার হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার জীবনতলা থানায় গোপন সূত্রে খবর আসে ঘুটিয়ারি শরিফের নারায়ণপুরে তৃণমূলের কার্যালয়ে অস্ত্র মজুত রাখা হয়েছে। ওই এলাকার তৃণমূল নেতা তথা নারায়ণপুর পঞ্চায়েতের প্রধান সালাউদ্দিন সর্দারের দলীয় কার্যালয়ে হানা দেয় পুলিশ। তল্লাশিতে উদ্ধার হয় প্রায় ১৮টি ধারাল অস্ত্র। সেগুলি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। কেন এতগুলি ধারাল অস্ত্র রাখা ছিল তা নিয়ে কিছু জানা যায়নি। তবে বিষয়টি অস্বীকার করেছে তৃণমূল।
উল্লেখ্য, রাজ্যে বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। প্রথমবার বিজেপি সরকার গড়া এখন শুধু সময়ের অপেক্ষা। তার মধ্যেই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন দিক থেকে আসছে ভোট পরবর্তী হিংসার খবর। খুন হচ্ছেন তৃণমূল ও বিজেপি উভয় দলের কর্মী-সমর্থকরা। এই আবহে ক্যানিংয়ের জীবনতলায় তৃণমূলের কার্যালয় থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
