নেতাজি সুভাষচন্দ্র বসু ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি রেখে হোম-যজ্ঞ করে পুজো। শুধু তাই নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নামে মন্দির বানানোর পরিকল্পনা। সেই মন্দির তৈরির জন্য এদিন শিলান্যাসও হল। ব্রতচারী সখা সংগঠনের সদস্য তথা স্থানীয় বিজেপি নেতৃত্ব এই শিলান্যাস করেন। তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর শ্যামল মিত্র ব্রতচারী সখার ওই জায়গা দখল করে নিজের মায়ের নামে পার্ক বানিয়েছিলেন বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে হাওড়ার শিবপুরে।
গতকাল, সোমবার রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। রাজ্যে পালাবদল হয়েছে। ২০৭টি আসন নিয়ে বিজেপি বাংলায় ক্ষমতায় এসেছে। আজ, মঙ্গলবার শিবপুরে ২৬ নম্বর ওয়ার্ডের রামজি হাজরা লেনে অমিত শাহের নামে মন্দির তৈরির শিলান্যাস হল। সংগঠনের তরফে দাবি করা হয়েছে, আগে ওই পার্কটি ব্রতচারী সখা সংগঠনের ছিল। বলা বাহুল্য ওই সংগঠন শিশুদের নিয়ে কাজ করে। অভিযোগ, প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তথা হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ শ্যামল মিত্র ওই পার্কটি দখল করেছিলেন। তাঁর মায়ের নামে ওই পার্কের নাম রাখা হয়েছিল!
রাজ্যে পালাবদলের পর ওই পার্ক বিজেপির সদস্যরা ও সংগঠনের লোকজন এদিন পুনরুদ্ধার করল বলে দাবি! ওই পার্ক দখলমুক্ত করে শিশুদের জন্য খুলে দেওয়া হল। পাশাপাশি ওই পার্কে অমিত শাহর মন্দির তৈরির জন্য শিলান্যাস করা হয়। শিবপুর ব্রতচারী সখার নামে একটি ফ্লেক্সও লাগিয়ে দেওয়া হয়েছে। বিজেপির প্রাক্তন জেলা সভাপতি দেবাঞ্জল চট্টোপাধ্যায় ও প্রাক্তন মণ্ডল সভাপতি শিবশঙ্কর সাধুখাঁ-সহ অন্যান্য বিজেপি কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন। দেবাঞ্জল চট্টোপাধ্যায় বলেন, ‘‘একদিকে আমরা দখল হওয়া শিশুদের পার্ক পুনরুদ্ধার করলাম। আমাদের কর্মীরা অমিত শাহকে ভগবান হিসেবে মনে করেন। ওঁদের ইচ্ছা মাথায় রেখে আমরা এই পার্কের ভিতরে আগামী দিনে অমিত শাহের জন্য একটি মন্দির প্রতিষ্ঠা করতে চাই। সেই মন্দিরের শিলান্যাসও করলাম।’’ মন্দিরটি আয়তনে কত বড় হবে? কতদিনের মধ্যে ওই মন্দির তৈরি হবে? সেই বিষয়টি এখনও জানানো হয়নি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই মন্দিরে অমিত শাহের মূর্তি বসবে।
এদিন বিকেলে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর শ্যামল মিত্র বাইকে দেপে যাচ্ছিলেন। অভিযোগ, সেসময় বিজেপির কর্মী-সমর্থকরা তাঁর উপর চড়াও হয়ে মারধর করে।
