shono
Advertisement
West Bengal Weather Update

দক্ষিণের ৬ জেলায় কমলা সতর্কতা, উত্তরে লাল! নামতে পারে ধসও, আশঙ্কা হাওয়া অফিসের

বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। তার জেরে দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে অতিভারী বৃষ্টির পূর্বাভাস।
Published By: Subhankar PatraPosted: 10:06 AM Jun 28, 2026Updated: 12:03 PM Jun 28, 2026

দক্ষিণবঙ্গের ৬ জেলায় জারি কমলা সতর্কতা। সঙ্গে বইবে ঝড়ো হাওয়া। থাকছে বজ্রপাতের আশঙ্কাও। মঙ্গল ও বুধবারে ভারী বৃষ্টির পূর্বাভাস। আজ, রবিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গজুড়ে সোমবার পর্যন্ত জারি লাল সতর্কতা। মঙ্গলবারে কমলা সতর্কতা। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে শুক্রবার পর্যন্ত। প্রবল বৃষ্টিতে পার্বত্য এলাকায় ধস নামতে পারে। নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে। পাহাড়ি নদীগুলির জলস্তর বিপদসীমার উপরে বইতে পারে বলেও সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

Advertisement

রাজস্থান থেকে বিহার পর্যন্ত রয়েছে মৌসুমী অক্ষরেখা। সেটি হরিয়ানা ও উত্তরপ্রদেশের উপর দিয়ে বিস্তৃত। এই দুই সিস্টেমের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। তার জেরে দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। হাওয়া অফিস জানিয়েছে, রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির কমলা সর্তকতা রয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে। এই জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা। বাকি জেলাতেও বিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। আগামী কয়েক দিন কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাও।

আরও পূর্বাভাস, দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকে ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে। পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির আশঙ্কা। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। ভারী বৃষ্টির আশঙ্কা ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়াতে। বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ওই দিন হলুদ সতর্কতা জারি থাকবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে।

অন্যদিকে, এ দিন উত্তরবঙ্গে জারি লাল সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বৃষ্টি হতে পারে ২০০ মিলিমিটার পর্যন্ত। কমলা সতর্কতা রয়েছে উত্তর দিনাজপুরে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির কমলা সর্তকতা দক্ষিণ দিনাজপুর ও মালদহতেও। দার্জিলিং-সহ বাকি জেলাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। সোমবার পর্যন্ত লাল সতর্কতা জারি থাকবে উত্তরবঙ্গে। মঙ্গলবারেও অতি বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি থাকবে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement