দক্ষিণের পাঁচ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা জারি। আকাশ কালো করে বৃষ্টি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ব্রজবিদ্যুৎ-সহ বৃষ্টি জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বইতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। অন্যদিকে উত্তরের কিছু জেলায় লাল ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
রবিবার ঘড়ির কাটা ১১টার ঘরে যেতেই বৃষ্টি নামে কলকাতা-সহ পার্শ্ববর্তী জেলায়। এ ছাড়াও বীরভূম, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হুগলি, নদিয়া এই পাঁচ জেলায় হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আরও পূর্বাভাস, সেই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ঝড়বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়াতেও। পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়বৃষ্টির সম্ভাবনা।
কলকাতায় মুষলধারে বৃষ্টি। ছবি: কৌশিক দত্ত।
অন্যদিকে উত্তরবঙ্গ দুর্যোগের মুখে। আজ, রবিবার পর্যন্ত জারি রয়েছে লাল সতর্কতা। ভারী বৃষ্টি চলছে একাধিক জেলায়। রবিবার প্রবল বৃষ্টির আশঙ্কা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। এই দুই জেলার কিছু অংশে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের আশঙ্কা। এ ছাড়া, দার্জিলিং, কালিম্পং, কোচবিহারেও ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। জলপাইগুড়ি, কোচবিহারে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। হলুদ সর্তকতা জারি থাকবে বৃহস্পতিবার পর্যন্ত।
