সৌরভ মাজি, বর্ধমান: বেসরকারি ল্যাবের রিপোর্টে ভুল। প্রাণ গেল ফুটবলারের। তেমনই অভিযোগ পরিবারের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের কেতুগ্রামে।
[ফের জঙ্গলমহলে অবরোধ আদিবাসীদের, বিপর্যস্ত রেল পরিষেবা]
মৃতের নাম জয় অধিকারী। তাঁর বাড়ি কেতুগ্রামের নৈহাটি গ্রামে। পরিবারের লোকেরা জানিয়েছেন, বুধবার বিকেলে গ্রামের মাঠে ফুটবল খেলছিলেন জয়। সেই সময় আচমকা তাঁর তলপেটে বল লাগে। প্রথমে বিষয়টি গুরুত্ব দেননি তিনি। পরে বাড়ি ফিরে বমি শুরু হয়। প্রথমে জয়কে নিয়ে যাওয়া হয় কাটোয়া মহকুমা হাসপাতালে। চিকিৎসা শুরু হয়ে যায়। মৃতের পরিবারের দাবি, বৃহস্পতিবার জয়ের ইউএসজি করানোর পরামর্শ দেন চিকিৎসক। দুপুরে ওই পরীক্ষা করানো হয়। রাতে রিপোর্ট দেখেন চিকিৎসক। শুক্রবার সকালে হাসপাতাল থেকে ছাড়া পান জয় অধিকারী। কিন্তু বাড়ি ফিরে ফের অসুস্থ হয়ে পড়েন তিনি।বমিও শুরু হয়। তখন তাঁকে এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি ফের ইউএসজি করাতে বলেন। তখন অন্য একটি বেসরকারি ল্যাব থেকে জয়ের ইউএসজি করানো হয়। সেই রিপোর্ট দেখার পর ওই চিকিৎসক জয়কে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। শুক্রবার রাতে তাঁকে ভরতি করা হয় বর্ধমান মেডিক্যালে। চিকিৎসকরা পরীক্ষা করার পর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। রাত ১১টায় অস্ত্রোপচার করা হয় জয়ের। অস্ত্রোপচার সফলও হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। শনিবার বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মারা যান ফুটবলার জয় অধিকারী।
মৃতের পরিবারের অভিযোগ, প্রথমবার ইউএসজি রিপোর্টে ভুল ছিল। তাই হাসপাতাল থেকে বাড়ি ফিরে ফের অসুস্থ হয়ে পড়েছিলেন জয়। দ্বিতীয়বার পরীক্ষা করানোর পর সঠিক রিপোর্ট মিলেছিল বলেই বর্ধমান মেডিক্যালে নিয়ে যেতে বলেছিলেন চিকিৎসক। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। তরুণ এই ফুটবলারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।
ছবি: মুকুলেশুর রহমান
[একশো দিনের কাজের টাকা ঢুকছে মোবাইল সংস্থার অ্যাকাউন্টে!]
