shono
Advertisement
Murshidabad

নাবালিকাকে বিয়ে, মুর্শিদাবাদে বাড়ি থেকে পাকড়াও যুবককে

নাবালিকাকে বিয়ে করে সংসার শুরু করেছিল যুবক। বাড়িতে হানা দিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। ওই নাবালিকাকে উদ্ধার করেছেন তদন্তকারীরা।
Published By: Suhrid DasPosted: 04:03 PM Sep 13, 2026Updated: 04:03 PM Sep 13, 2026

নাবালিকাকে বিয়ে করে সংসার শুরু করেছিল যুবক। বাড়িতে হানা দিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। ওই নাবালিকাকে উদ্ধার করেছেন তদন্তকারীরা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরপাড়া এলাকায়। শনিবার সন্ধ্যায় হরেকৃষ্ণপুর গ্রামে ওই অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একট স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী অর্পিতা হালদারের লিখিত অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

Advertisement

অভিযোগে জানানো হয়, হরেকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা মুক্তার হোসেন নামে ওই যুবকের সঙ্গে প্রায় ১৬ বছর বয়সি এক নাবালিকার বিয়ে দেওয়া হয়েছে। অভিযোগ পেতেই সাগরদিঘি থানার পুলিশ খোঁজখবর শুরু করে। গতকাল বিকেলের পর ওই বাড়িতে হানা দেয় পুলিশ। অভিযুক্ত মুক্তার হোসেনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। আজ, রবিবার ওই যুবককে আদালতে তোলা হয়েছে।

পুলিশ বাল্যবিবাহ প্রতিরোধ আইন অনুযায়ী নাবালিকার পরিবার ও অভিযুক্তের পরিবার এবং বিয়েতে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে আইনানুগ মামলা রুজু করেছে। নাবালিকাকে উদ্ধার করে তার নিরাপত্তা ও আইনগত সুরক্ষার জন্য বহরমপুরের নির্ধারিত হোমে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এই ধরনের অভিযান আরও চলবে বলে জানিয়েছে পুলিশ। উল্লেখ্য, নাবালিকা বিয়ে ও ১৮ বছরের নিচে কন্যার সন্তান প্রসবের বিষয়ে কড়া অবস্থান নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, নাবালিকা বিয়ে ও সন্তান প্রসব হলে তার স্বামী ও পরিবারের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সরকারি তথ্য অনুযায়ী, গত ৬ মাসে মুর্শিদাবাদের মোট ১২,৮৫৫টি নাবালিকাদের সন্তান প্রসবের ঘটনা হয়েছে। এই ঘটনাগুলোর বেশিরভাগই মুর্শিদাবাদের গ্রামীণ এলাকার। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই নড়েচড়ে বসেছে মুর্শিদাবাদ প্রশাসন।

এদিকে গতকাল জেলারই ফরাক্কায় নাবালিকার বিয়ের আয়োজন করা হয়েছিল। পুলিশের কাছে গোপন সূত্রে খবর যায়, ফারাক্কা ব্লকের বেনিয়াগ্রাম গ্রাম পঞ্চায়েতের বেলদার পাড়া এলাকায় এক নাবালিকার বিয়ে দিচ্ছে পরিবার। ওই কন্যার বিয়ের বয়স হয়নি জেনেও বিবাহে সম্মতি দিয়েছেন ছেলের পরিবার। পুলিশ সেখানে পৌঁছয়। বিয়ে বন্ধের নির্দেশ দিয়ে হবু বর ও কন্যার পরিবারকে থানায় নিয়ে যায় পুলিশ। পরে তাঁদের গ্রেপ্তার করা হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement