shono
Advertisement

Breaking News

Aamir Khan

তৃতীয় বিয়ের পথে ষাটোর্ধ্ব আমির, জোড়া ডিভোর্সের পর গৌরীতেই শান্তি খুঁজে পেলেন?

চুপিসারেই তৃতীয় বিয়ের তোড়জোড় আমির খানের! দুই স্ত্রী, তিন সন্তানদের সাক্ষী রেখে কবে নিকাহ সারবেন?
Published By: Sandipta BhanjaPosted: 04:26 PM Jun 03, 2026Updated: 04:31 PM Jun 03, 2026

ষাট বছরের জন্মদিনে প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে আলাপ করিয়েছিলেন। সেসময়েই মিস্টার পারফেকশনিস্টের জীবনে নতুন বসন্ত উঁকি দেওয়ার জল্পনায় সিলমোহর পড়ে। মায়ানগরীর সেলেব পাড়ার অন্দরে ফিসফাস, সেই সম্পর্ককে নাকি এবার আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে চলেছেন ষাটোর্ধ্ব সুপারস্টার। কানাঘুষো, জোড়া ডিভোর্সের পর গৌরীতেই শান্তি খুঁজে পেয়েছেন আমির খান।

Advertisement

প্রেম শুরু হয় বছর দুয়েক আগে। বলিউড মাধ্যম সূত্রে খবর, চব্বিশ সালের শেষের দিকে গৌরীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা। এবার সেলেব পাড়ায় ফিসফাস, চুপিসারেই তৃতীয় বিয়ের প্রস্তুতি শুরু করেছেন আমির খান।

আমির খান

আমিরের তৃতীয় বিয়ে নিয়ে বহুদিন ধরেই বলিউডে নানা গুঞ্জন! শোনা গিয়েছিল, কিরণ রাওয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়ার পর মিস্টার পারফেকশনিস্ট ‘দঙ্গল’ খ্যাত ফতিমা সানা শেখের প্রেমে পড়েছিলেন। মাসখানেক সেই গুঞ্জনও চলে বহাল তবিয়তে। সেই আবহে ফতিমাকে আমিরের পরিবারের নানা অনুষ্ঠানেও দেখা যেত। তবে সেই ফতিমা ম্যাজিকও ফ্যাকাসে হয়ে যায় পঁচিশ সালের শুরুতে। সেসময়ে জব্বর খবর আসে আমির খান নাকি তৃতীয়বার বিয়ে করতে চলেছেন! পাত্রী অন্য কেউ। ২৫ বছর আগে বেঙ্গালুরুর গৌরী স্প্র্যাটের সঙ্গে আলাপ মিস্টার পারফেকশনিস্টের। তবে প্রেম শুরু হয় বছর দুয়েক আগে। বলিউড মাধ্যম সূত্রে খবর, চব্বিশ সালের শেষের দিকে গৌরীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা। এবার সেলেব পাড়ায় ফিসফাস, চুপিসারেই তৃতীয় বিয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছেন আমির খান।

“আমার দুটো বিয়েই অসফল। আসলে আমি একা থাকতে পারি না। আমার সঙ্গীর প্রয়োজন হয়। সম্পর্কে থাকতে ভালোবাসি। আমার দুই প্রাক্তন স্ত্রী রিনা-কিরণের সঙ্গে আমি এখনও ঘনিষ্ঠ।..." 

অভিনেতার ঘনিষ্ঠ মহল বলছে, এবারের বিয়েটা একেবারে সাদামাটাভাবেই সারতে চাইছেন 'মিস্টার পারফেকশনিস্ট'। কোনওরকম আড়ম্বর নয়। শুধু উপস্থিত থাকবে পরিবারের সদস্যরা। দুই স্ত্রী, তিন সন্তান আর বোনদের সাক্ষী রেখেই গৌরী স্প্র্যাটের সঙ্গে নতুন দাম্পত্যের সূচনা করতে চলেছেন আমির খান। কানাঘুষো, আগামী ৫ জুলাই নিজের বাসভবনে সই সাবুতের মাধ্যমে নিকাহ সারবেন অভিনেতা। উপস্থিত থাকতে পারেন দুই বন্ধু শাহরুখ-সলমন। ওই ঘনিষ্ঠ সূত্র মারফৎ এও জানা যায় যে, "গত একবছর ধরে গৌরীর সঙ্গে সহবাসে রয়েছেন আমির। এবার পরিবারের সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে সেই সম্পর্ককে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।"

প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে বিয়ে করছেন আমির খান।

এর আগে সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন প্রেমিকা রিয়া চক্রবর্তীর পডকাস্টে তৃতীয় নিকাহ নিয়ে মুখ খুলেছিলেন আমির। সেসময়ে লাজুক মুখে তিনি জানান, “আমার এখন ষাট ছুঁইছুই। আর কী বিয়ে করব? বড় কঠিন বিষয়। এখন জীবনে এতগুলো সম্পর্কে জড়িয়ে আমি, গোটা পরিবারের সঙ্গে নতুন করে সময় কাটানো শুরু করেছি। আমার সন্তানরা রয়েছে। কাছের মানুষদের সঙ্গে সময় কাটাতেই আমার ভালো লাগে। আরও ভালো মানুষ হওয়ার চেষ্টা করছি।” সেখানেই তিনি বলেন, “আমার দুটো বিয়েই অসফল। তাই আমার কাছে বিয়ের উপদেশ নেওয়া ঠিক নয়। আসলে আমি একা থাকতে ভালোবাসি না। আমার সঙ্গীর প্রয়োজন হয়। সম্পর্কে থাকতে ভালোবাসি। আমার দুই প্রাক্তন স্ত্রী রিনা-কিরণের সঙ্গে আমি এখনও ঘনিষ্ঠ। আমরা একটা পরিবার। আসলে জীবন তো অনিশ্চিত, কী করেই বা বিশ্বাস করি? তাই বিয়ে টিকে থাকাটা প্রত্যেক মানুষের উপর নির্ভর করে।” তাহলে কি সেসমস্ত দ্বিধা-দ্বন্দ্ব সরিয়ে এবার গৌরীর সঙ্গে ছাঁদনাতলায় বসার পালা? আগামী ৫ জুলাই নজর থাকবে সেদিকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement