ভোট বাক্স ভারী করতে রাজনীতির ময়দানে সেলেবদের আনাগানো নতুন নয়! তৃণমূলও সেই স্ট্র্যাটেজি খাটিয়েই বিগত পনেরো বছরে বাংলা সিনেদুনিয়ার বহু সেলিব্রিটিকে রাজনীতির রঙ্গমঞ্চে দাঁড় করিয়েছিল। এযাবৎকাল একুশে জুলাইয়ের মঞ্চ থেকে 'প্রিয় দিদি'র ডাকে রাজপথে হাঁটতে দেখা যেত যাঁদের। বলা ভালো, তৃণমূল সুপ্রিমোর চতুর্দিকে উপগ্রহের মতো উপবেশনে লাইমলাইট কেড়ে নিতেন সেসব সেলেব মুখরা। কিন্তু ছাব্বিশের ভরাডুবির পরই বদলে গেল তারকাদের 'মায়া-মমতা'র সমীকরণ! মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ধর্মতলার ওয়াই চ্যানেলের ধর্না মঞ্চে তৃণমূলের কোনও তারকা সাংসদ, বিধায়ক তো দূর অস্ত, এমনকী এযাবৎকালের স্বঘোষিত তৃণমূলের কোনও তারকা সমর্থকদেরও দেখা গেল না।
এযাবৎকাল একুশে জুলাইয়ের তারকাখচিত মঞ্চে টেলিদুনিয়ার বহু জনপ্রিয় মুখের উপস্থিতিও নজর কাড়ত। কিন্তু সেসময়ে 'ফুল অ্যাটেনডেন্স' দিয়ে শাসকদলের মিটিং-মিছিলের শোভাবর্ধন করলেও ক্ষমতার পালাবদলের পরই তৃণমূলের তারকা সমর্থকরা সব 'ডুমুরের ফুল'।
ছাব্বিশে ভরাডুবির পর একমাসও পেরোয়নি। এই কয়েকদিনেই কার্যত ভেঙে খান-খান হয়ে গিয়েছে তৃণমূলের সবুজ দুর্গ! কালীঘাটের বৈঠকে দেখা মিলছে না অধিকাংশ বিধায়কের। প্রকাশ্যে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন একাধিক নেতা। সোনারপুরে গিয়ে হামলার মুখে পড়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই অবস্থায় হামলা, রিগিং, ভোট পরবর্তী হিংসা, এসআইআর-সহ একাধিক ইস্যুতে রানি রাসমণি রোডে ধর্নায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে যেমন দেখা মেলেনি বহু তৃণমূল সাংসদ-বিধায়কের, তেমনই এককালের মমতার উদার প্রশংসক বুদ্ধিজীবী থেকে তারকামহলও গরহাজির। মমতা ক্ষমতা হারাতেই এহেন ভোলবদল? উঠছে প্রশ্ন।
ওয়াই চ্যানেলে ধর্না কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ। ছবি-অরিজিৎ সাহা।
ধর্নায় দেখা মেলেনি তৃণমূলের 'দাপুটে' সাংসদ সায়নী ঘোষের। গরহাজির ঘাটালের সুপারস্টার সাংসদ দেবও। অভিনেতা-প্রযোজক যদিও সদ্য তাঁর পুজোর সিনেমা 'দেশু ৭'-এর শুটিং শুরু করেছেন। এলেন না নিজেকে তৃণমূলের 'একনিষ্ঠ সৈনিক' বলে দাবি করা রাজ চক্রবর্তীও।
এদিনের ধর্নায় দেখা মেলেনি তৃণমূলের 'দাপুটে' সাংসদ সায়নী ঘোষের। গরহাজির ঘাটালের সুপারস্টার সাংসদ দেবও। অভিনেতা-প্রযোজক যদিও সদ্য তাঁর পুজোর সিনেমা 'দেশু ৭'-এর শুটিং শুরু করেছেন। এলেন না নিজেকে তৃণমূলের 'একনিষ্ঠ সৈনিক' বলে দাবি করা রাজ চক্রবর্তীও। এদিকে ছাব্বিশের বিধানসভা ভোটে হারের পরই জিমে ব্যস্ত সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সিনেদুনিয়ায় প্রত্যাবর্তনের প্রস্তুতি নিচ্ছেন বলে খবর। মমতার ধর্নায় দেখা মিলল না তৃণমূলের দু'বারের বিধায়ক সোহম চক্রবর্তীরও। রচনা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, শতাব্দী রায়, কাঞ্চন মল্লিক, লাভলি মৈত্র থেকে ভোটপ্রচারের পিচে দাপিয়ে বেড়ানো সৌমিতৃষা কুণ্ডুও অনুপস্থিত। এযাবৎকাল একুশে জুলাইয়ের তারকাখচিত মঞ্চে টেলিদুনিয়ার বহু জনপ্রিয় মুখের উপস্থিতিও নজর কাড়ত। কিন্তু সেসময়ে 'ফুল অ্যাটেনডেন্স' দিয়ে শাসকদলের মিটিং-মিছিলের শোভাবর্ধন করলেও ক্ষমতার পালাবদলের পরই তৃণমূলের তারকা সমর্থকরা সব 'ডুমুরের ফুল'।
