shono
Advertisement

Breaking News

Alia Bhatt

'আলফা'র সেটে ববি-আলিয়ার তুমুল ঝগড়া, শুটিং মাথায়! মধ্যস্থতায় আসরে খোদ প্রযোজক আদিত্য চোপড়া

Bobby Deol: 'আলফা'র শুটিংয়ে ডামাডোল! ববি দেওলের সঙ্গে জোর বাকবিতণ্ডা আলিয়া ভাটের। পরিস্থিতি বেগতিক দেখেই মধ্যস্থতা করতে আসরে খোদ প্রযোজক আদিত্য চোপড়া।
Published By: Sandipta BhanjaPosted: 11:14 AM Feb 13, 2026Updated: 05:31 PM Feb 13, 2026

মাসখানেক আগেই 'আলফা' সিনেমার শুটিং শুরু হয়েছে। যশরাজ ফিল্মসের গোয়েন্দা ব্রহ্মাণ্ডে ববি দেওল যে আলিয়া ভাটের সঙ্গী হতে চলেছেন, সেখবর পঁচিশ সালেই মিলেছিল। তখন থেকেই 'লর্ড ববি'র খল অবতার দেখার অপেক্ষায় অনুরাগীরা। এবার খবর, সেই ছবির সেটেই নাকি ববি দেওলের (Bobby Deol) সঙ্গে তুমুল বাকবিতণ্ডায় জড়িয়েছেন আলিয়া ভাট (Alia Bhatt)। পরিস্থিতি নাকি এমন পর্যায়ে পৌঁছেছে যে, দুই তারকার ঝগড়া থামাতে শেষমেশ আসরে নামতে হয় প্রযোজক আদিত্য চোপড়াকে!

Advertisement

যশরাজ ফিল্মসের 'পুরুষতান্ত্রিক' স্পাই ইউনিভার্সের ভিড়ে 'আলফা'র সুবাদে আলিয়া ভাট গোয়েন্দা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন। আর সেই সিনেমার কাস্টিংয়েই বড়সড় চমক 'লর্ড ববি'। তেইশ সালে 'অ্যানিম্যাল' সিনেমার গৌণ চরিত্র হয়েও যিনি মারাত্মক শোরগোল ফেলে দিয়েছিলেন। পর্দায় ঠান্ডা মস্তিষ্কের হিংস্র খলনায়ক অবতারে বহুল প্রশংসিত হয় ববি দেওলের অভিনয়ও। সেই অভিনেতার সঙ্গে পর্দায় সম্মুখ সমরে আলিয়া ভাট কেমন 'খেল' দেখান? সেটাই দেখার জন্য মুখিয়ে রয়েছে দর্শকমহল। তবে ঘনিষ্ঠ সূত্রে খবর, এবার রিল লাইফের ঝগড়া নাকি রিয়েল লাইফে গড়িয়েছে! শুটিং চলাকালীন তুমুল দ্বন্দ্ব শুরু হয় দুই অভিনেতার মধ্যে। কিন্তু কেন?

আলিয়া ভাট, ছবি- ইনস্টাগ্রাম

বলিউড মাধ্যম সূত্রে খবর, মতবিরোধের কারণ শট দেওয়ার সময়ে আলিয়া ভাটের 'নাক গলানো' নিয়ে। ঠিক কী ঘটেছে? জানা গেল, ববি দেওল যখন শট দিচ্ছিলেন, তখন একের পর এক দৃশ্যে নিজস্ব মতামত চাপানোর চেষ্টা করেন আলিয়া। কানাঘুষো, সৃজনশীল মতামত দেওয়ার এই অভ্যাস নাকি আলিয়ার বরাবরের। এই প্রথম নয়। কিন্তু অভিনেত্রীর এত মতামত জাহিরে নাকি একসময়ে অতিষ্ট হয়ে আপত্তি তোলেন সিনিয়র অভিনেতা ববি দেওল। এরপরই সেটে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। শুটিং মাথায় ওঠে! পরিস্থিতি এমন পর্যায় পৌঁছয় যে খবর পেয়ে তড়িঘড়ি সেটে আসেন প্রযোজক আদিত্য চোপড়া। তার মধ্যস্থতাতেই আবার নতুন করে শুটিং শুরু হয় বলে জানা গিয়েছে। যদিও সংশ্লিষ্ট ইস্যুতে কোনওরকম প্রতিক্রিয়া দেয়নি প্রযোজনা সংস্থা, তবে এসব খবর কি আর চাপা থাকে? দাবানলের মতো ছড়িয়ে পড়েছে বিটাউনে।

ববি দেওল, ছবি- ইনস্টাগ্রাম

অন্যদিকে যশরাজ ফিল্মসের পরবর্তী স্পাই ইউনিভার্সের জন্য ববিকে যে লুকে দেখা গিয়েছে, তাতে কৌতূহলের পারদ চড়েছে দর্শক-অনুরাগীমহলে। পরনে কালো ফ্রেমের চশমা। কাঁধ পর্যন্ত চুল শক্ত করে পনিটেল বাঁধা। গোঁফে বয়সের পাক ধরেছে! ‘রাফ অ্যান্ড টাফ’ লুকে ধরা দিয়ে ববি দেওলের আগাম বার্তা- ‘পপকর্ন নিয়ে বোসো। শুরু হচ্ছে। আগুন লাগিয়ে দেব।’ জানা গেল, আলিয়া ভাটের ‘আলফা’ ছবিতে অভিনেতাকে খলচরিত্রে পাওয়া যাবে। অ্যানিম্যাল-এর পর এবার এই ছবিতে ভিলেন বেশে কেমন চমক দেন তিনি? নজর থাকবে সেদিকে। উল্লেখ্য, আলিয়ার পাশাপাশি এই গোয়েন্দা ছবিতে দেখা যাবে শর্বরী ওয়াঘকেও। কিন্তু এদিনের বাকবিতণ্ডার সময় তিনি সেখানে হাজির ছিলেন কিনা, সেটা জানা যায়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement