গোটা পঁচিশ সাল জুড়ে 'কল্কি ২' সিনেমার কাস্টিং নিয়ে কম জলঘোলা হয়নি! কখনও দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধে অপেশাদারিত্বের অভিযোগ তুলেছেন দক্ষিণী সিনেনির্মাতারা, তো কখনও বা আবার প্রিয়াঙ্কা চোপড়ার অভিনয়ের প্রস্তাব নাকচের গুঞ্জনে চর্চার শিরোনামে ঠাঁই পেয়েছে 'কল্কি'র সিক্যুয়েল। এককথায়, পঁচিশে বছরভর 'কল্কি ২' নিয়ে বলিউড বনাম দক্ষিণের দড়ি টানাটানি হয়েছে! তবে এবার যাবতীয় বিতর্ক সরিয়ে সিক্যুয়েলের শুটিং শুরু করলেন পরিচালক নাগ অশ্বীন। যে সিনেমার সুবাদে চার দশক বাদে সেটে মুখোমুখি হলেন অমিতাভ বচ্চন এবং কমল হাসান।
পরিচালক নাগ অশ্বীনের সাজানো গল্প অনুযায়ী, কুরুক্ষেত্র যুদ্ধের ৬ হাজার বছর পর জন্ম নিচ্ছে কল্কি। সুপ্রিম ইয়াসকিনের (কমল হাসান) ষড়যন্ত্র থেকে কীভাবে কল্কিকে বাঁচাবেন অশ্বত্থামা (অমিতাভ বচ্চন)? সিক্যুয়েলে সেই গল্পই ফুটে উঠবে।
শেষবার ১৯৮৫ সালে প্রয়াগরাজ পরিচালিত 'গিরাফতার' ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন বচ্চন এবং হাসান। ৪০ বছর পর আবারও সেই সুযোগ করে দিল নাগ অশ্বীনের মেগাবাজেট 'কল্কি ২'। সম্প্রতি হায়দরাবাদে সিনেমার শুটিং শুরু হয়েছে। আর সেখান থেকেই ব্লগে ছবি পোস্ট করে চার দশক বাদে কমল হাসানের সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতা ভাগ করে নিলেন বিগ বি। সেট থেকে শেয়ার করা ছবিতে অমিতাভকে দেখা গেল 'কল্কি'র অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র অশ্বত্থামার লুকে। প্রথমভাগের মতোই সিক্যুয়েলের সাজপোশাক। দ্রোণাচার্যপুত্রের অবতারে অমিতাভকে দেখা গেল কমল হাসানের সঙ্গে বার্তালাপে ব্যস্ত। তখনও কমল হাসান মেকআপ করেননি। পরনে তাঁর নীল শার্ট। চোখে রোদচশমা। সেটে 'সিনিয়র' শাহেনশাকে দেখেই জড়িয়ে ধরলেন অভিনেতা। সাক্ষাতের মুহূর্ত শেয়ার করে অমিতাভের মন্তব্য, "দ্য গ্রেট কমল হাসানের সঙ্গে দেখা। 'গিরাফতার'-এর পর ফের একসঙ্গে কাজ করব আমরা।"
'কল্কি ২'র শুটিংয়ে অমিতাভ বচ্চন, কমল হাসান। ছবি- সংগৃহীত
উল্লেখ্য, 'কল্কি'তেও বলিউড এবং দক্ষিণী সিনেপাড়ার দুই মেগাস্টার অভিনয় করেছিলেন। তবে সিনেমার কোনও দৃশ্যে তাঁদের একফ্রেমে দেখা যায়নি। এবার কি তবে সিক্যুয়েলে অশ্বত্থামার (অমিতাভ বচ্চন) সঙ্গে সম্মুখ সমরে জড়াতে চলেছেন সুপ্রিম ইয়াসকিন (কমল হাসান)? বিগ বি'র তরফে অন্তত তেমন আভাসই মিলল। পরিচালক নাগ অশ্বীনের সাজানো গল্প অনুযায়ী কুরুক্ষেত্র যুদ্ধের ৬ হাজার বছর পর জন্ম নিচ্ছে কল্কি। সুমতীর গর্ভস্থ সন্তানই বিষ্ণুর সেই দশম অবতার। যেখানে মহাজাগতিক বদল ঘটেছে গোটা বিশ্বে। বিষ্ণুর সেই অবতারকে রক্ষা করার জন্য হাজার হাজার বছর ধরে পৃথিবীতে অপেক্ষা করছেন অশ্বত্থামা। আর এহেন চরিত্রের জন্যেই দক্ষিণী সিনেদুনিয়া কুর্নিশ জানিয়েছিল বিগ বি'কে। সুপ্রিম ইয়াসকিনের ষড়যন্ত্র থেকে কীভাবে কল্কিকে বাঁচাবেন অশ্বত্থামা? সিক্যুয়েলে সেই গল্পই ফুটে উঠবে।
