সম্প্রতি মুক্তি পেয়েছে বলিউডের রোম্যান্টিক ড্রামা ‘চাঁদ মেরা দিল’। দর্শকমহল থেকে সিনে বিশেষজ্ঞরা এই ছবির ভুঁয়োশি প্রশংসা করেছেন। কিন্তু, ভরতনাট্যমের ফিউশনে নাচতে দিয়ে একেবারে ‘শোরগোল’ ফেলে দিয়েছেন অনন্যা পাণ্ডে (Ananya Panday)। নেটভুবনে চরম কটাক্ষের শিকার চাঙ্কি কন্যা। তারকা হওয়া কি আর কম ঝক্কির! পান থেকে চুন খসলেই, যত বড় সুপারস্টারই হোক না কেন, ছেড়ে কথা বলেন না নেটপাড়ার নীতিপুলিশেরা। আর ঠিক সেই কারণেই নেটাগরিকদের নিশানায় অনন্যার নৃত্যশৈলী। নটরাজ মূর্তিকে সাক্ষী রেখে মঞ্চে যেরকম ভঙ্গিতে ভরতনাট্যম পরিবেশন করেছেন নায়িকা, তার ঝলক দেখেই রে-রে করে উঠেছেন দেশের সংস্কৃতিমহলের একাংশ। অভিনেত্রীর উদ্দেশে চরম আক্রমণ শানিয়েছেন কংগ্রেস নেত্রী ড: শামা মোহম্মদ। শুনতে হয়েছে 'নেপো নাট্যম' কটাক্ষও। অবশেষে নীরবতা ভাঙলেন কটাক্ষে জর্জরিত অনন্যা।
বিতর্কের মাঝেই বিদেশে জীবন উপভোগ করছেন। সুদূর ফ্রান্স থেকে বেশ কিছু রঙিন মুহূর্তের ছবি শেয়ার করেছেন অনন্যা। সঙ্গে রয়েছেন তাঁর বোন। ডায়েট ভুলে মুখরোচেক খাবারে মজে দুজনেই। ফ্রান্সের মনোরম পরিবেশে সূর্যের স্নিগ্ধ আলোয় গান শুনতে শুনতে নিজের মতো করে সময় কাটাচ্ছেন অনন্যা। তাঁকে ঘিরে তৈরি হওয়া বিতর্ককে দূরে রেখে পোস্টের ক্যাপশনে লিখেছেন, 'জীবন খুবই সুন্দর।'
পোস্টটি সামনে আসতেই অনুরাগীরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনন্যাকে। এক ভক্ত লিখেছেন, 'তোমাকে নিয়ে খুব গর্ব হচ্ছে অ্যানি। আমি এখনই চাঁদ মেরা দিল দেখলাম। অসাধারণ অভিনয় করেছ।' এপর এক অনুরাগীর মন্তব্য, 'তোমার সৃজনশীলতা এবং আত্মবিশ্বাস সত্যিই অনুপ্রেরণাদায়ক।' অনন্যার আরও এক অনুরাগী তাঁর অভিনয়ের প্রশংসা করে লিখেছেন, 'চাঁদ মেরা দিল-এ তোমার অভিনয় সত্যিই মন জয় করে নিয়েছে।'
ছবির নাচের ক্লিপ ভাইরাল হওয়ার পর অনেকে তাঁর শাস্ত্রীয় নৃত্য পরিবেশন নিয়ে অসন্তোষ প্রকাশ করলেও লেখিকা শোভা দে অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন। তাঁর বক্তব্য, দোষ থাকলে তা নির্মাতা বা কোরিওগ্রাফারের। শুধুমাত্র অনন্যাকে দোষারোপ করা উচিত নয় বলেই মনে করেন তিনি। অন্যদিকে অনন্যার বাবা চাঙ্কি পাণ্ডেও মেয়ের সমর্থনে বলেছেন, সম্পূর্ণ বিষয়টি ভুল বোঝাবুঝির জন্য তৈরি হয়েছে।
