সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্টেজে গাইছেন গায়ক। আর দর্শক আসনে বসে আপনি মোবাইলে ছবি তুলছেন, ভিডিও রেকর্ড করছেন! আপনার মোবাইল মেমোরিতে গায়কের সেই গানের স্মৃতি। কিন্তু আপনার এই কম্ম কি গায়কের ভালো লাগছে? উনি বিরক্ত হচ্ছেন না তো! কথাগুলো কী কখনও কেউ ভেবে দেখেছেন? এই বিষয়টাই এবার যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন অঞ্জন দত্ত। স্পষ্টই বললেন, বিদেশের মাটিতে কিন্তু এমনটা হয় না। যত কাণ্ড এই দেশে, এই শহরে!
সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে, স্টেজে বসে খুবই বিরক্ত প্রকাশ করছেন অঞ্জন দত্ত। তাঁর মুখে একটাই কথা, ফটো ও ভিডিও তোলাটা কতটা যুক্তিযুক্ত। অঞ্জন বললেন, ''সেলফি বা ছবি তোলা, এটা না কোনও লাইভ কনসার্টে হয় না। আমি গোটা পৃথিবী ঘুরে এসেছি। কোথাও হয় না। হয় শুধু আমার ভারতে, কলকাতায়। বাদবাকি কোথায় কোনও শিল্পী গান গাইতে এলে, সবাই মন দিয়ে শোনে। মনের ভিতরে রেখে দেয়। আপনারা একটা ভিডিও তুললেন, ফেসবুকে দিয়ে দিলেন। কেন দিলেন? আপনারা তো টিকিট কেটে এসেছেন অনেক টাকা দিয়ে। ওরা তো টাকা দেয়নি। ছবি তোলা বন্ধ করুন। মনের মধ্যে রাখুন।''
[আরও পড়ুন: ‘পার্থ ভৌমিককে ভোট দিন’, রাজের সঙ্গে ভোটপ্রচারের গাড়িতে গলা ফাটালেন ‘মিঠাই’ সৌমিতৃষা!]
অঞ্জন দত্ত আরও বলেন, ''এই যে আমি বলে যাচ্ছি। এখনও একজন মোবাইলে তুলে যাচ্ছে। এটা বিদেশ হলে, একজন এসে আস্তে করে নিয়ে যেত। টিকিটটা নিয়ে যেত। এ কী, বাংলাতেই তো বলছি। বুঝতে পারছেন না। পকেটে পুরে ফেলুন। এরকম হলে তো আমি অনলাইনেই শো করতে পারতাম। আপনারাও দেখে নিতে পারতেন। মন দিয়ে এই মুহূর্তটা উপভোগ করুন। নিজে শুনুন, সবাইকে শুনতে সুযোগ করে দিন।''
অঞ্জন দত্তর এই ভিডিও এখন ভাইরাল। নেটপাড়ায় অঞ্জন দত্তর এমন মন্তব্যে অনেকেই সহমত পোষণ করেছেন। কদিন আগে নচিকেতাকেও বেশ রেগে যেতে দেখা গিয়েছিল লাইভ কনসার্ট চলাকালীন এভাবে ছবি তোলা নিয়ে।
