একের পর এক বিপদের হাত থেকে বরাতজোরে রক্ষা পেয়েছে সলমন খানের পরিবার। এখনও অন্ধকারের কালো মেঘ পুরোপুরি সরে যায়নি। ১৪ এপ্রিল, ২০২৪-এর ভোররাতে মুম্বইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট অর্থাৎ সলমন খানের বাসভবনের বাইরে গুলি চালায় দুই বন্দুকধারী। দীর্ঘ শত্রুতার জেরে লরেন্স বিষ্ণোই ও অনমোল বিষ্ণোই এই হামলার পরিকল্পনা বাস্তবায়ন করেছিল। বহুল আলোচিত এই মামলার শুনানিতে রাজসাক্ষী হয়েছেন বলিউড তারকা সলমন খানের দেহরক্ষী। তিনি আদালতে উপস্থিত হয়ে স্পষ্ট জানিয়েছেন, ভয় দেখানোর জন্য নয় সলমনের প্রাণনাশের জন্যই গুলি চালানো হয়ছিল। এর মাঝেই খান পরিবারে সম্পত্তি কেনা-বেচার খবর।
ইন্ডাস্ট্রির অন্দরের কানাঘুষো, সলমনের ভাই আরবাজ খান (Arbaaz Khan) তাঁর বহুমূল্যের ফ্ল্যাট বিক্রি করে দিয়েছেন। বলিউড তারকাদের মুম্বইয়ের অভিজাত এলাকায় বিলাসবহুল সম্পত্তি কেনাবেচার খবর প্রায়ই উঠে আসে শিরোনামে। আর সেই সম্পত্তি যদি ইন্ডাস্ট্রির কোনও তাবড় তারকার হয় তাহলে তো ভক্তদের আগ্রহ এক লাফে কয়েক গুণ বেড়ে যায়। এই মুহূর্তে চর্চার কেন্দ্রে সলমনের ভাই আরবাজ খানের সম্পত্তি।
সম্পত্তি বিক্রি করলেন আরবাজ!
তিনি নাকি মুম্বইয়ের অন্ধেরির পশ্চিমে নিজের একটি ফ্ল্যাট ৬.৫ কোটি টাকায় বিক্রি করেছেন। সিআরই ম্যাট্রিক্সের নথি অনুযায়ী, গত ৫মে আর্থিক লেনদেন সম্পন্ন হওয়ার সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পত্তির রেজিস্ট্রিও হয়ে গিয়েছে। সংশ্লিষ্ট নথি অনুযায়ী, ফ্ল্যাটটির কার্পেট এরিয়া এক হাজার ৩৬৯ বর্গফুট এবং এর সঙ্গে রয়েছে দুটি নির্দিষ্ট গাড়ি পার্কিংয়ের জায়গা। যদিও এই বিষয়ে আরবাজের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এই চুক্তির জন্য ক্রেতারা প্রায় ৩৯ লক্ষ টাকা স্ট্যাম্প ডিউটি দিয়েছেন বলেই খবর। অভিনেতা, প্রযোজক, বিজনেস টাইকুন ও বিনোদন জগতের বহু পেশাদার ব্যক্তিত্বদের কাছে অন্ধেরির পশ্চিমের বিলাসবহুল ফ্ল্যাটের একটা ব্যাপক চাহিদা রয়েছে।
কোন এলাকার ফ্ল্যাট বিক্রি করলেন আরবাজ?
লোখান্ডওয়ালার এই এলাকার বিলাসবহুল রানওয়াল এলিগ্যান্ট আবাসনের টাওয়ার বি-তে অবস্থিত আরবাজের ফ্ল্যাট যা ইনফিনিটি মলের খুব কাছেই। উল্লেখ্য, এই এলাকা দীর্ঘদিন ধরেই সেলিব্রিটি-প্রধান আবাসিক অঞ্চল হিসেবে পরিচিত। উল্লেখযোগ্যভাবে, এটি আরবাজ খানের সাম্প্রতিক একমাত্র রিয়েল এস্টেট লেনদেন নয়।
সলমনের পর এবার আরবাজও...!
এর আগে চলতি বছরেই তিনি মুম্বইয়ের জোগেশ্বরীতে ২.৭৮ কোটি টাকায় আরও একটি ফ্ল্যাট কিনেছিলেন বলে জেপকির নথিতে উল্লেখ রয়েছে। রিয়েল এস্টেটের সঙ্গে খান পরিবারের সম্পর্ক এখন শুধু ফ্ল্যাট কেনাবেচাতেই সীমাবদ্ধ নেই বরং পুনর্নির্মাণ প্রকল্পেও বিস্তৃত হচ্ছে।
২০২৫ সালে সলমনও নিজের একটি ফ্ল্যাট বিক্রির সিদ্ধান্ত নিয়েছিলেন। বান্দ্রার পশ্চিমে অবস্থিত একটি ফ্ল্যাট ৫.৩৫ কোটি টাকায় বিক্রি করেছিলেন ভাইজান। যদিও সলমন নিজে থাকেন বান্দ্রা এলাকায় সাগরমুখী ‘গ্যালাক্সি’ আবাসনের মধ্যে একটি এক কামরার ফ্ল্যাটে।
