রাজনীতির সাতে-পাঁচে তিনি থাকেন না, কিন্তু বরাবর বলিষ্ঠ কণ্ঠে নিজস্ব অবস্থান স্পষ্ট করেছেন। এবার দিল্লিতে নিট কেলেঙ্কারির প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের হয়ে সুর চড়ালেন অরিজিৎ সিং। সোমবার 'ককরোচ জনতা পার্টি'র 'সংসদ অভিযান' ঘিরে কার্যত কুরুক্ষেত্রে পরিণত হয় রাজধানী। আন্দোলকারী শিক্ষার্থীদের সঙ্গে তুমুল বিরোধ বাঁধে পুলিশের। বিক্ষোভকারীদের রুখতে লাঠিচার্জের পাশাপাশি ছোড়া হয় কাঁদানে গ্যাস, চালানো হয় জলকামানও। দেশের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষাব্যবস্থা সুনিশ্চিত করতে দিল্লিতে আন্দোলনরত পড়ুয়াদের এহেন 'রক্তাক্ত' পরিস্থিতি দেখেই এবার গর্জে উঠলেন অরিজিৎ সিং (Arijit Singh)।
"ছাত্রছাত্রীদের মারধরও করা হচ্ছে। দিল্লি পুলিশের কাছে আমার প্রশ্ন, আপনাদের কি কোনও লজ্জা নেই?..."
রাজধানীতে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে দিন কয়েক ধরেই সরব দেশের বিশিষ্টমহলের একাংশ। শাবানা আজমি, জিনাত আমান, অপর্ণা সেন, অনুরাগ কাশ্যপ থেকে বলিউডের বর্তমান প্রজন্মের একাংশও সুর চড়িয়েছেন বিক্ষুব্ধ পড়ুয়াদের হয়ে। এবার 'ককরোচ জনতা পার্টি'র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হওয়া পুলিশি 'নৃশংসতার দলিল' দেখে প্রতিবাদে সরব অরিজিৎ। ব্যক্তিগত এক্স হ্যান্ডেলে ক্ষোভ প্রকাশ করে একাধিক পোস্ট করেছেন গায়ক। দিল্লি পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ অরিজিতের মন্তব্য, 'বাহ! উর্দির আড়ালে গুণ্ডার মতো আচরণ।' এখানেই অবশ্য থামেননি তিনি। অরিজিৎ প্রশ্ন তুলেছেন, 'এবার তো ছাত্রছাত্রীদের মারধরও করা হচ্ছে। দিল্লি পুলিশের কাছে আমার প্রশ্ন, আপনাদের কি কোনও লজ্জা নেই? আর এই নেতামন্ত্রীরা কি নিজেরাই নিজেদের ঈশ্বর ভাবা শুরু করেছেন? কী চলছে এসব! সব মনে রাখা হবে কিন্তু।' এরপরই 'হর হর মহাদেব' ধ্বনি তুলে অরিজিৎ সিংয়ের সতর্কবাণী, 'মনে রাখবেন, পরিবর্তনই কিন্তু একমাত্র ধ্রুবক।'
দিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জে ক্ষুব্ধ অরিজিৎ সিং।
অরিজিৎ বরাবরই অনুরাগীদের জীবনদর্শনের পাঠ দিয়ে এসেছেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। 'ককরোচ'দের সমর্থনে গায়কের এহেন পোস্ট-বিস্ফোরণে সোশাল মিডিয়াও সরগরম। কারণ অরিজিৎ যে প্রতিবাদী, সেকথা ঘনিষ্ঠমহল থেকে অনুরাগীদের ভালোই জানা। তাই এবার যখন সংশ্লিষ্ট ইস্যুতে গায়ক প্রতিবাদী সুর চড়ালেন, তখন তাঁর এহেন মন্তব্যকে ওয়াকিবহালমহলের একাংশ বিশেষ ইঙ্গিতবাহী বলেই মনে করছেন।
"যে গানগুলি এখন রিলিজ করছে, অবসর ঘোষণার আগেই সেসব কাজে চুক্তিবদ্ধ হয়েছিলেন গায়ক। তিনি মোটেই প্লেব্যাকে প্রত্যাবর্তন করেননি।..."
এদিকে চলতি বছরের শুরুতেই প্লেব্যাক দুনিয়া থেকে অসবর ঘোষণার পর অরিজিৎ সিংয়ের গাওয়া একাধিক প্লেব্যাক রিলিজ করেছে। এবার ইমরান হাশমির 'আওয়ারাপন ২'তে ফের অরিজিতের কণ্ঠ শুনে প্রশ্ন উঠেছে, তাহলে কি বাণপ্রস্থ ঘোষণার করেও ফিরে এলেন তিনি? ধোঁয়াশা সরিয়ে এপ্রসঙ্গে অরিজিৎ সিংয়ের আপ্তসহায়ক জানিয়েছেন, "যে গানগুলি এখন রিলিজ করছে, অবসর ঘোষণার আগেই সেসব কাজে চুক্তিবদ্ধ হয়েছিলেন গায়ক। তিনি মোটেই প্লেব্যাকে প্রত্যাবর্তন করেননি। আগে থেকে দেওয়া প্রতিশ্রুতিগুলিই পূরণ করছেন। আগামী ২০২৭ সাল অবধি সেগুলি মুক্তি পাবে।"
