তেইশ সালে ওম রাউত পরিচালিত 'রামায়ণ'-এর আধুনিক সিনেসংস্করণ 'আদিপুরুষ' দেখে বেজায় চটেছিলেন টেলিপর্দার 'রাম' অরুণ গোভিল। পৌরাণিক কাহিনিকে অত্যাধুনিকভাবে দেখানোয় 'হলিউড স্টাইল কার্টুন' বলে তোপও দাগেন। এমনকী 'রাম' হিসেবে রণবীর কাপুরের নাম ঘোষণা হওয়ার পরও অসন্তোষ প্রকাশ করে বলেছিলেন, "বলিউডের কোনও অভিনেতার রাম হওয়ার যোগ্যতা নেই।" টেলিপর্দার সেই 'রাম'ই কিনা এবার কাপুরনন্দনের 'মর্যাদা পুরুষোত্তম' অবতার দেখে ফুলমার্কস বসালেন।
গোড়া থেকেই রণবীর কাপুরের কাস্টিং ঘিরে চরম বিতর্ক! বিশেষ করে ‘অ্যানিম্যাল’-এর মতো উগ্র পৌরুষত্বের ছবি করার পর একেবারে বিপরীতধর্মী চরিত্র রঘুনন্দনের ভূমিকায় তাঁর অভিনয় করা নিয়ে আপত্তি উঠেছিল ইন্ডাস্ট্রির অন্দরমহল থেকেও। প্রশ্ন উঠেছিল, 'অ্যানিম্যাল'-এ নৃশংস চরিত্রে দেখার পর কাপুরনন্দনকে কীভাবে রামের ভূমিকায় মেনে নেবেন দর্শক? সেই বিতর্কে এবার স্বয়ং ছোটপর্দার 'রাম' কাপুরনন্দনের ঢাল হয়ে দাঁড়ালেন।
সম্প্রতি ২ এপ্রিল, হনুমান জয়ন্তীতে 'রামায়ণ'-এর মেগাবাজেট ঝলক প্রকাশ্যে এনে শোরগোল ফেলে দিয়েছেন রণবীর কাপুর। বিতর্কও অবশ্য কম হচ্ছে না! কেউ টিজারে অদ্ভূতদর্শন লঙ্কাসেনা রাক্ষসদের দেখে বিদ্রুপ করছেন, তো কারও বা আবার দাবি, ‘রাম হয়েও রোম্যান্টিসিজমে আটকে রণবীর!' নানা মুনির নানা মতের মাঝেই এবার রঘুনন্দনের চরিত্র চিত্রায়ণে রণবীর কাপুরের (Ranbir Kapoor) শরীরী ভাষা, অভিব্যক্তিতে মুগ্ধতা প্রকাশ করলেন অরুণ গোভিল (Arun Govil)। আটের দশকে রামানন্দ সাগরের 'রামায়ণ' সিরিয়ালে রামের ভূমিকায় অভিনয় করে আসমুদ্রহিমাচলের মন জয় করেছিলেন অরুণ। রাম বললেই যে অভিনেতার চেহারা আজও দর্শকমনে উঁকি দেয়। রণবীর কাপুর নিজেও জানিয়েছিলেন যে, 'মর্যাদা পুরুষোত্তমে'র চরিত্রে চিত্রায়নের জন্য গোড়ার দিন থেকেই রামানন্দ সাগরের 'রামায়ণ' দেখে প্রস্তুতি নিয়েছেন তিনি। সেই প্রেক্ষিতে অরুণ গোভিলই যে তাঁর অন্যতম 'মেন্টর' হয়ে উঠেছিলেন, তা বলাই বাহুল্য। অতঃপর বলিউডের বিগবাজেট 'রামায়ণ'-এর ঝলকে রণবীরকে দেখে তাঁর কী মত? সেই কৌতূহল অস্বাভাবিক নয়। কারণ কয়েক দশক আগে অরুণ গোভিল, সুনীল লহরী, দীপিকা চিখলিয়াদের হাত ধরেই আপামর ভারতবাসীর টেলিভিশনের পর্দায় পৌঁছে গিয়েছিল এই মহাকাব্য। এবার নীতেশ তিওয়ারি পরিচালিত 'রামায়ণ-এর ঝলক প্রকাশ্যে আসার পরই বলিউডের সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছেন টেলিপর্দার শ্রেষ্ঠ 'রাম' অরুণ গোভিল।
'রামায়ণ'-এ দ্বৈত চরিত্রে রণবীর কাপুর।
"রণবীর কাপুর অত্যন্ত দক্ষ একজন অভিনেতা। কঠোর পরিশ্রম করতে পারে। খুবই সংস্কারি ছেলে। রণবীরের মধ্যে যে একধরণের নৈতিক সংস্কৃতিবোধ রয়েছে, সেটা আমি বহুবার লক্ষ্য করেছি।..."
মিরাটের বিজেপি সাংসদ তথা অভিনেতার মন্তব্য, "রণবীর কাপুর অত্যন্ত দক্ষ একজন অভিনেতা। কঠোর পরিশ্রম করতে পারে। খুবই সংস্কারি ছেলে। রণবীরের মধ্যে যে একধরণের নৈতিক সংস্কৃতিবোধ রয়েছে, সেটা আমি বহুবার লক্ষ্য করেছি। তাই আমি সম্পূর্ণ নিশ্চিত যে, ও নিজের সেরাটা দিয়েই রামের চরিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করবে।" আসলে গোড়া থেকেই রণবীর কাপুরের কাস্টিং ঘিরে চরম বিতর্ক! বিশেষ করে ‘অ্যানিম্যাল’-এর মতো উগ্র পৌরুষত্বের ছবি করার পর একেবারে বিপরীতধর্মী চরিত্র রঘুনন্দনের ভূমিকায় তাঁর অভিনয় করা নিয়ে আপত্তি উঠেছিল ইন্ডাস্ট্রির অন্দরমহল থেকেও। প্রশ্ন উঠেছিল, 'অ্যানিম্যাল'-এ নৃশংস চরিত্রে দেখার পর কাপুরনন্দনকে কীভাবে রামের ভূমিকায় মেনে নেবেন দর্শক? সেই বিতর্কে এবার স্বয়ং ছোটপর্দার 'রাম' কাপুরনন্দনের ঢাল হয়ে দাঁড়ালেন। উল্লেখ্য, অরুণ গোভিল নিজেও নীতেশ তিওয়ারির চার হাজার কোটির ছবিতে অভিনয় করেছেন। রণবীরের রামায়ণ-এ তাঁকে দেখা যাবে দশরথের ভূমিকায়। টিজারে যদিও একঝলক অরুণকে দেখা গিয়েছে, তবে রামের পর দশরথের ভূমিকায় তাঁকে কেমন লাগবে দেখতে? বড়পর্দায় সেটা দেখার জন্য মুখিয়ে রয়েছে দর্শকমহল।
