তিনি বলিউডের প্রথম সারির জনপ্রিয় অভিনেত্রীর স্বামী। সুখী দাম্পত্যের রঙিন মুহূর্তের নজির প্রায়ই দেখা যায় সমাজমাধ্যমে। ২০২৫-এর দীপাবলিতে দুই থেকে তিন হয়েছেন। একাধিক সাক্ষাৎকারে অভিনেত্রী স্ত্রীর প্রতি ভালোবাসা জাহির করেন। তিনি আর কেউ নন, আপ ছেড়ে সদ্য বিজেপিতে যোগ দেওয়া রাঘব চাড্ডা। বলি ডিভা পরিণীতির স্বামী এই পদক্ষেপ গ্রহণ করতেই সমাজমাধ্যমে একটা বড় অংশের কটাক্ষের শিকার তিনি। শুধু তাই নয়, সোশাল মিডিয়ায় এক ধাক্কায় ফলোয়ার্সের সংখ্যা প্রায় ২০লক্ষ কমে গিয়েছে। কিন্তু, বিবাহিত রাঘব আজও হাজার হাজার নারীর হৃদয়ে বিরাজমান। সেই তালিকায় রয়েছেন 'বিগ বস গার্ল' অর্চনা গৌতম।
প্রকাশ্যে মনের কথা বলতে বিন্দুমাত্র বিচলিত হননি। অর্চনা বরাবরই স্পষ্টভাষী ও সাহসী বক্তা। অভিনেত্রীর অকপট স্বীকারোক্তি, এক সময় রাঘব চাড্ডার প্রতি তাঁর ছিল গভীর প্রেম। বলিউডের এক সংবাদমাধ্যমকে সম্প্রতি এক সাক্ষাৎকারে অর্চনা বলেন, "একটা সময় যে আমার ভালোবাসা ছিল, ভীষণ পছন্দের মানুষ ছিল তিনি বর্তমানে বিবাহিত।" এরপরই রাঘবের নামোল্লেখ করে জানান নিজের অনুভূতির কথা। সেই সঙ্গে আরও কিছু রাজনীতিবিদের কথা উল্লেখ করে বলেন, "চিরাগ ভালো", চিরাগ পাসওয়ানের কথাই বলেছিলেন।
রাঘবই ছিল অর্চনার সুপ্ত প্রেম!
নিজের পছন্দ সম্পর্কে অর্চনার সংযোজন, "আমার রাউডি টাইপ ছেলেদের ভীষণ পছন্দ। পুরুষ মানুষের গুণ্ডাভাবটা বেশ ভালোই লাগে।" নিজের বক্তব্য স্পষ্ট করতে যোগ করেন, "ওইরকম গুন্ডা নয়, মানে এমন কেউ যার সামনে কেউ কথা বলতে পারে না।" অর্চনা মজা করে বলেন, বর্তমানে তিনি নিজেই 'গুন্ডি' হওয়ার দিকে মনোযোগ দিচ্ছেন যাতে মানুষের সুরক্ষাকবচ হিসেবে কাজ করতে পারেন। তাঁর মতে, আজকের দিনে শক্তিশালী এবং নির্ভীক ব্যক্তিত্বের মানুষদেরই বেশি গুরুত্ব দেওয়া হয়।
রাঘবই মনের মানুষ!
প্রসঙ্গত, অর্চনা গৌতম একজন ভারতীয় অভিনেত্রী, মডেল এবং রাজনীতিবিদ। ২০১৮ সালে 'মিস বিকিনি ইন্ডিয়া' জিতে এবং 'মিস কসমস ওয়ার্ল্ড'-এ ভারতের প্রতিনিধিত্ব করার পর লাইমলাইট ছিনিয়ে নেন। গ্রেট গ্র্যান্ড মস্তি এবং হাসিনা পার্কার-এর মতো বলিউড ছবিতেও কাজ করেছেন। অভিনয়ের পাশাপাশি তিনি রাজনীতিতেও যোগ দেন। ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দিয়ে ২০২২ সালের উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে হস্তিনাপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন।
