সিনেদুনিয়ায় অসামান্য অবদানের জন্য 'পদ্মশ্রী' পাচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে সদ্যই বাংলার মেগাস্টারকে পদ্ম সম্মানে ভূষিত করার ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। সেই প্রেক্ষিতেই ফুলের তোড়া, মিষ্টি-সহযোগে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে শুভেচ্ছা জানাতে শনিবার তাঁর বালিগঞ্জের বাসভবনে পৌঁছে গিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির সাংস্কৃতিক বিভাগের প্রধান তথা অভিনেতা রুদ্রনীল ঘোষও।
এদিন অভিনেতাকে উত্তরীয় পরিয়ে সম্মান জানান সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। প্রসেনজিতের হাতে তুলে দেন অযোধ্যার রামলালার প্রতিকৃতিও। যদিও ভোটের মুখে তারকার বাড়িতে যাওয়া নিয়ে রাজনৈতিক অভিসন্ধির দাবি করেন একাংশ, তবে উৎসব থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী জানান, "প্রসেনজিৎদার বাড়িতে আসার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। সব বিষয়ে রাজনীতি ঢোকাতে নেই। যেমন ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজনীতি থাকা উচিত নয়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পদ্মসম্মান পেয়েছেন, আজ সেই জন্যেই তাঁকে শুভেচ্ছা এবং সংবর্ধনা জানাতে আমরা এখানে এসেছি।" তিনি জানান, "প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাংলা সিনেমার শ্রীবৃদ্ধি ঘটিয়েছেন। আর সেই অবদানের জন্যেই কেন্দ্রীয় সরকারের তরফে পদ্ম সম্মানে ভূষিত করা হয়েছে তাঁকে।"
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে সুকান্ত মজুমদার, ছবি- সংগৃহীত
সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে এক রবিবাসরীয় সন্ধায় ২০২৬ সালের 'পদ্ম পুরস্কার' বিজয়ীদের নাম ঘোষণা করে কেন্দ্রীয় সরকার, আর তাতেই 'পদ্মশ্রী' তালিকায় প্রসেনজিতের নাম উঠে আসে। সেখবর পেয়েই উচ্ছ্বাসে ফেটে পড়ে টলিউড। যদিও সেসময়ে হল ভিজিটে থাকায় কিছু জানাননি তারকা। তবে পরে সংবাদসংস্থা পিটিআই-এর মুখোমুখি হয়ে তিনি জানান, প্রথমেই আমার মাকে এই সম্মান উৎসর্গ করব আমি। যিনি আমাদের বড় করে তুলতে, আমার এই সিনেযাত্রার জন্য অনেক কিছু ত্যাগ করেছেন, চার দশক ধরে যে যাত্রা চলছে। এই সম্মান নিজের পরিবারের সঙ্গে ভাগ করে নিচ্ছি আমি, আমার ছেলে মিশুকের সঙ্গে। অগণিত দর্শকের জন্যই আমি আজ আমি হতে পেরেছি। পদ্মসম্মানে ভূষিত হওয়ার পর বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়কেও ফোন করেন প্রসেনজিৎ। এবার পদশ্রী অভিনেতাকে শুভেচ্ছা জানাতে বালিগঞ্জের বাসভবন 'উৎসব'-এ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
