দু' দশকের দাম্পত্যে ভাঙন। মাতৃবিয়োগ। যাবতীয় ঝড়-ঝাপটার পর নীলাঞ্জনা (Nilanjanaa) এখন ব্যক্তিগতজীবনে অনেকটাই থিতু। দুই মেয়ে সারা-জারাকে আঁকড়ে জীবনে নতুন ইনিংস শুরু করেছেন। নিজের মতো করে প্রযোজনার কাজও সামাল দিচ্ছেন। গোড়ার দিকে মানসিকভাবে ভেঙে পড়লেও পরিস্থিতির সঙ্গে যুঝে তিনি যে এখন রণপোক্ত যোদ্ধা, সেটা তাঁর ইঙ্গিতপূর্ণ বার্তাতেই স্পষ্ট। শুক্রবার গভীর রাতে 'কৃতজ্ঞ চিত্তে' সোশাল মিডিয়ায় 'এক অধ্যায় সমাপ্তি'র কথা উল্লেখ করেছেন নীলাঞ্জনা শর্মা। আর তাতেই যিশু সেনগুপ্তর (Jisshu Sengupta) সঙ্গে পাকাপাকি আইনি বিচ্ছেদের (Divorce) জল্পনা উসকে গিয়েছে। যে পোস্টের মন্তব্য বাক্সে সারা-জারার মায়ের 'চিয়ার লিডার' হিসেবে ধরা দিলেন বরখা বিস্তও।
ঠিক কী লিখেছেন প্রযোজক তথা প্রাক্তন অভিনেত্রী? নীলাঞ্জনার পোস্টে উল্লেখ, "অর্থহীন বলেই যে কোনও কিছু শেষ হচ্ছে, তেমন নয়। বরং সেটা থেকে যা শেখার ছিল, তার কাজ শেষ হয়ে গিয়েছে। আর এই অধ্যায়টা শেষ করার সময়ে আমার মনে শুধুই একরাশ কৃতজ্ঞতা। কারণ আমি যখন নিজেকে চিনতাম না, তখন এটা আমাকে মর্যাদা ধরে রাখতে শিখিয়েছে। নীরবেই আমার মধ্যে স্বাধীনচেতা সত্ত্বা গড়েছে। এবং আপোষহীন আত্মসম্মানবোধের পাঠ দিয়েছে। আর এখানেই আমি নিজের কণ্ঠস্বর খুঁজে পেয়েছি।" সেই পোস্টেই তাঁর সংযোজন, "আমি নিজে কতটা কী পারি, সেটা শিখেছি। আজ যা শেষ হচ্ছে, তা আমাকে শূন্য করে দিচ্ছে না। এই অধ্যায় আমার মধ্যে সাহস, স্পষ্টতা এবং নিজের প্রতি গভীর আস্থা এনেছে। এটা এমন এক সমাপ্তি যা আমি শ্রদ্ধা-সহকারে পূর্ণ হৃদয়ে গ্রহণ করছি।"
যদিও এই পোস্টে সরাসরি ডিভোর্সের কথা উল্লেখ করেননি নীলঞ্জনা শর্মা, তবে একাংশের অনুমান, এবার সম্ভবত চিরতরের জন্য আইনিভাবে যিশুর সঙ্গে সম্পর্কে যতিচিহ্ন টানলেন তিনি। এমতাবস্থায় নীলাঞ্জনার পাশে দাঁড়িয়েছেন বরখা বিস্ত। বছরখানেক ধরেই ইন্দ্রনীল সেনগুপ্তের সঙ্গে যাঁর বিচ্ছেদের খবর চাউড় টিনসেল টাউনে। কানাঘুষো, অভিনেতার বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই দাম্পত্যে ভাঙন ধরেছে। একাধিক সাক্ষাৎকারেও বরখার কথায় তেমনই ইঙ্গিত মিলেছে। অন্যদিকে চব্বিশ সালে যিশু-নীলাঞ্জনার ডিভোর্সের নেপথ্যেও তৃতীয়জনের কথা শোনা গিয়েছিল। এবার নীলাঞ্জনার পোস্টেই যেন দুই নারীমন মিলেমিশে একাকার! কী লিখলেন বরখা? অভিনেত্রীর মন্তব্য, 'তোমার পরিস্থিতি আমি খুব ভালো করে বুঝতে পারছি। অসংখ্য শুভকামনা রইল।'
