দিলজিৎ দোসাঞ্ঝ, বর্তমানে পাঞ্জাবের 'একমেবাদ্বিতীয়ম' মেগাস্টার। একাধারে গায়ক হিসেবে তিনি যেমন আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় সংস্কৃতির প্রতিনিধিত্ব করেন, তেমনই সিনেমার পর্দায় নিজস্ব ক্যারিশ্মায় আসমুদ্রহিমাচলের মনে ঝড় তোলেন। অতঃপর পাঞ্জাবের ভোটবাক্স ভারী করতে এমন একজন তারকা যে মোক্ষম অস্ত্র হতে পারেন, তা বলাই বাহুল্য। মাসখানেক ধরেই 'পাঞ্জাব দি পুত্তরে'র রাজনীতিতে যোগদানের জল্পনায় সরগরম সংশ্লিষ্ট রাজ্যের রাজনীতি। যদিও সম্প্রতি শিল্পী নিজেই এহেন গুঞ্জন নস্যাৎ করেছেন, তবে দিলজিতের (Diljit Dosanjh) ম্যানেজারের বাড়িতে হামলার ঘটনায় ফের রাজনৈতিকমহল 'নতুন ষড়যন্ত্রে'র অভিসন্ধি খুঁজে পেয়েছে। কীরকম? সেবিষয়েই এবার বিস্ফোরক মন্তব্য করলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান (Bhagwant Mann)।
এই মুহূর্তে গোটা দেশের বাইশ রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। সেই মানচিত্রে পাঞ্জাবকেও এবার জুড়তে চাইছে গেরুয়া শিবির। অতঃপর বিজেপির 'পাখির চোখ' যে আপাতত পাঞ্জাবের বিধানসভা ভোট, তা বলাই বাহুল্য। আর ভোটবাক্স ভারী করতে প্রচারের ময়দানে তারকামুখের ঝলক, এদেশে নতুন নয়।
পাঞ্জাব নির্বাচন জিততে দিলজিৎ দোসাঞ্ঝকে 'তুরুপের তাস' করতে চাইছে বিজেপি? ছবি : ইনস্টাগ্রাম
সাতাশ সালে পাঞ্জাবের বিধানসভা নির্বাচন। এই মুহূর্তে গোটা দেশের বাইশ রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। সেই মানচিত্রে পাঞ্জাবকেও এবার জুড়তে চাইছে গেরুয়া শিবির। অতঃপর বিজেপির 'পাখির চোখ' যে আপাতত পাঞ্জাবের বিধানসভা ভোট, তা বলাই বাহুল্য। আর ভোটবাক্স ভারী করতে প্রচারের ময়দানে তারকামুখের ঝলক, এদেশে নতুন নয়। দীর্ঘ কয়েক দশক ধরেই তারকাদের রাজনৈতিক ময়দানে অবতরণের সাক্ষীও থেকেছে দেশ। এযাবৎকাল বহু তারকা সাংসদ-বিধায়ক পেয়েছে দেশবাসী। সুনীল দত্ত, হেমা মালিনী, জয়া বচ্চন, জয়াপ্রদা থেকে অমিতাভ বচ্চনের মতো প্রথম সারির বহু তারকাকে রাজনীতির ময়দানে দেখা গিয়েছে। অনেকেই ভোটে জিতে রাজ্যসভা ও লোকসভাতে গিয়েছেন। এহেন তালিকার অনেকেই এখন স্বমহিমায় রাজনীতির মাঠে লড়ে যাচ্ছেন। এবার কি দিলজিৎ 'অস্ত্রে' পাঞ্জাব হাতাতে চাইছে বিজেপি? প্রশ্ন উঠেছে ভগবন্ত মানের বিস্ফোরক মন্তব্যে।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান।
ভগবন্তের অভিযোগ, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গায়ককে রাজনীতিতে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। তাঁর দাবি, দিলজিৎ সেই প্রস্তাব প্রত্যাখ্যান করার পরেই তাঁর ম্যানেজারের বাসভবনে গুলি চালিয়ে তাঁর উপর চাপ সৃষ্টি করা হয়।
দিলজিৎ দোসাঞ্ঝের ম্যানেজারের বাড়িতে গুলি চালানোর ঘটনায় তীব্র প্রতিক্রিয়া পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর। যদিও ঘটনার দায়স্বীকার করেছে বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরা, তবে ভগবন্তের অভিযোগ, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গায়ককে রাজনীতিতে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। তাঁর দাবি, দিলজিৎ সেই প্রস্তাব প্রত্যাখ্যান করার পরেই তাঁর ম্যানেজারের বাসভবনে গুলি চালিয়ে তাঁর উপর চাপ সৃষ্টি করা হয়। পাঞ্জাবে আপের শীর্ষনেতা তথা মুখ্যমন্ত্রী ভগবন্তের মন্তব্য, "গত কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল যে, রাজনীতিতে যোগদানের জন্য বিজেপি দিলজিৎ দোসাঞ্ঝকে চাপ দিচ্ছে। তামিলনাড়ুতে অভিনেতা-রাজনীতিক থলপতি বিজয়ের বিপুল জয়ই এই চাপের নেপথ্যে কাজ করেছে। তবে দিলজিৎ নিজেও টুইট করে জানিয়েছেন যে, তাঁর কাজ মানুষকে বিনোদন দেওয়া। শিল্পীদের রাজনীতির ময়দানে টেনে আনা উচিত নয়। এরপর চাপ সৃষ্টি করার জন্য অন্য পথ বেছে নেওয়া হল। এই যেমন ম্যানেজারের ওপর গুলি চালানো। কেউ তো এই ঘটনার দায়ও স্বীকার করে নিয়েছে। এধরনের নোংরা রাজনীতি করা উচিত নয়।" ভগবন্তের এহেন মন্তব্য ভাইরাল হতেই প্রশ্ন উঠেছে, তাহলে কি এবার পাঞ্জাব নির্বাচন জিততে দিলজিৎ দোসাঞ্ঝকে 'তুরুপের তাস' করতে চাইছে বিজেপি?
