৪ মে, ২০২৬ বঙ্গ রাজনীতিতে এক ঐতিহাসিক পরিবর্তন। তৃণমূলের একটানা পনেরো বছরের রাজপাট শেষে গৈরিক সূর্যোদয়ের সাক্ষী থেকেছে গোটা বাংলা। এহেন পরিস্থিতিতে রাজনৈতিক টানাপোড়েন এবং সাংবিধানিক জটিলতা তৈরি হয়েছে তা বললে অত্যুক্তি হবে না। রাজ্যের অনেকাংশে উৎসবের মেজাজে তৃণমূলের পরাজয় উদযাপনে মেতেছিল আমজনতা। এবার সেই দলে নাম জুড়ে গেল প্রবীণ সঙ্গীতশিল্পী ঊষা উত্থুপের! সুরে সুরে তৃণমূল নেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় সেলিব্রেট করেছেন ঊষা উত্থুপ! তাঁর কণ্ঠে গাওয়া 'দিদি গো' সমাজমাধ্যমে ভাইরাল হতেই বিতর্কের সূত্রপাত।
সম্প্রতি একটি লাইভ শোয়ে আলজেরিয়ান গায়ক ও সুরকার খালেদের আরবি গান 'দিদি'র নিজস্ব সংস্করণ পরিবেশন করেন। সেই ভিডিও নেটভুবনে ভাইরাল হতেই নেটিজেনদের দাবি, তিনি পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধেছেন। ঘনিষ্ঠমহল তাঁকে দিদি সম্বোধন করেন সে কথা কারও অজানা নয়। কিন্তু, নেটিজেনরা কেন মনে করছেন ঊষা উত্থুপ মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে গানটি গেয়েছেন। একাধিক পোস্টে দাবি করা হয়েছে, তৃণমূল আমলে নাকি অনুষ্ঠানের জন্য কাটমানি চাওয়া হত। তাই তিনি নাকি বিরক্ত হয়ে মুম্বই চলে গিয়েছিলেন, এখন আবার ফিরে এসেছেন। তবে অনেকেই এই দাবির বিরোধিতা করে বলেছেন, গানটি আসলে বহু পুরনো একটি আরবি গানের বাংলা রূপান্তর।
ঊষার দাবি, 'আমি ১৯৭৬ সাল থেকে কলকাতাতেই বাস করছি এবং কখনও কলকাতা ছেড়ে মুম্বই চলে যাইনি। কলকাতাই সবসময় আমার বাড়ি ছিল এবং এখনও আমি এখানেই ভালোবাসা নিয়ে আছি এবং কাজও করছি।'
এক ব্যক্তির মতে, 'দিদি গো গান গাইছেন কিংবদন্তি শিল্পী ঊষা উত্থুপ। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের রাজনৈতিক পতন উদযাপন করছে। তিনি পরোক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক পরাজয় উদযাপন করছেন।' অপর একটি পোস্টে দাবি করা হয়েছে, 'দিদি বাংলাছাড়া হওয়ার আনন্দে ঊষা উত্থুপ দিদি গো গান গেয়ে খুশি জাহির করলেন। তৃণমূল আমলে নাকি তাঁর অনুষ্ঠান করতে কাটমানি চাওয়া হত। তাই তিনি নাকি বিরক্ত হয়ে মুম্বই চলে গিয়েছিলেন। এখন আবার ফিরে এসেছেন।' অনেকে আবার বিরোধীতা করে বলেছেন, 'ভগবান! উনি তো খালেদের বিখ্যাত আরবি গান দিদির বাংলা সংস্করণই গাইছেন।' কারও মতে, 'এটা খালেদের বিখ্যাত গান দিদির নিজস্ব সংস্করণ। আমরা ২০০৪ বা ২০০৫ সাল থেকেই এটা শুনে আসছি।'
বিতর্কে ঊষা উত্থুপ!
বিতর্ক জোরাল হতেই ময়দানে নেমেছেন ঊষা উত্থুপ। ৭৮ বছর বয়সি শিল্পী বিবৃতি জারি করে জানিয়েছেন, 'এক্স হ্যান্ডেল, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে আমাকে নিয়ে একটি পোস্ট ঘুরছে। সেখানে বেশ কিছু বক্তব্য সম্পূর্ণ ভুল ও বিভ্রান্তিকর। যে গানটি নিয়ে এত আলোচনা হচ্ছে, সেটি বহু বছর আগে একটি আরবি সুর দ্বারা অনুপ্রাণিত হয়ে গাওয়া বাংলা গান। আমি গত দুই দশকেরও বেশি সময় ধরে এটি শুধুমাত্র সঙ্গীত পরিবেশনের অংশ হিসেবে গেয়ে আসছি।'
আরও জানান, তিনি কখনও কলকাতা ছেড়ে মুম্বইয়ে চলে যাননি। তাঁর বক্তব্য, 'আমি ১৯৭৬ সাল থেকে কলকাতাতেই বাস করছি এবং কখনও কলকাতা ছেড়ে মুম্বই চলে যাইনি। কলকাতাই সবসময় আমার বাড়ি ছিল এবং এখনও আমি এখানেই ভালোবাসা নিয়ে আছি এবং কাজও করছি।'
মমতাকে বিঁধেছেন ঊষা?
গানটির সঙ্গে কোনও রাজনৈতিক বার্তা জড়িত নয় এবং ভাইরাল হওয়া ব্যাখ্যাগুলির সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। এই বিষয়টিকে সামনে রেখে বলেছেন, 'যে ধরনের ব্যাখ্যা, মন্তব্য ও রাজনৈতিক গল্প বোনা হচ্ছে সেগুলি কোনওটাই আমার কথা নয়। এধরনের বিতর্কে আমাকে অযথা জড়াবেন না। কারণ এর সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই।'
