অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় এবার প্রযোজকের আসনে। জি ফাইভের জন্য 'তারকাটা' নামে এক নতুন সিনেমা প্রযোজনা করছেন তিনি। আর পয়লা প্রজেক্টেই কাস্টিংয়ের ক্ষেত্রে চমক রেখেছেন অভিনেতা-প্রযোজক! কারণ এই ছবিরতে 'ইন্ডিয়ান আইডল' খ্যাত ময়াং চ্যাংয়ের সঙ্গে স্ক্রিন ভাগ করে নেওয়ার কথা ছিল সৃজিত মুখোপাধ্যায়ের। চ্যাং অবশ্য একাধিক বলিউড সিনেমাতেও অভিনয় করেছেন এর আগে। এবার এই প্রথম বাংলা প্রজেক্টে দেখা যাবে তাঁকে। যার জন্যে সোমবারই কলকাতায় পা রেখেছেন গায়ক-অভিনেতা। কিন্তু এমন আবহেই জানা গেল, কাস্টিংয়ে নাম ঘোষণার পরও সংশ্লিষ্ট সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন টলিপাড়ার 'ফার্স্ট বয়'।
'তারকাটা'য় প্রিয়াঙ্কা সরকার, ময়াং চ্যাং। ছবি- সংগৃহীত
জানা গিয়েছে, সোমবার থেকেই কলকাতায় 'তারকাটা'র শুটিং শুরু হয়েছে। কলকাতা, শহরতলী ও টাকি মিলিয়ে বিভিন্ন লোকেশনে দিন কয়েক শুটিং চলবে। ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন, দেবেশ রায়চৌধুরী, প্রিয়াঙ্কা সরকার, সুস্মিতা রায়, সত্যম ভট্টাচাৰ্য, আয়ুশ দাসের মতো একঝাঁক তারকা। একেবারে অ্যাকশন প্যাকড সিনেমা হতে চলেছে। প্রযোজক বিক্রম চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, 'তারকাটা'য় এক অতিথি চরিত্রে দেখা যাবে সৃজিত মুখোপাধ্যায়কে। যা কিনা সিনেমার এক গুরুত্বপূর্ণ চরিত্র। কিন্তু শোনা যাচ্ছে, কাস্টিং ঘোষণার পর পরিচালক এই প্রজেক্ট থেকে সরে দাঁড়িয়েছেন। কেন? নেপথ্যের কারণ হিসেবে জানা গেল, ব্যস্ত শিডিউলের জন্যেই 'তারকাটা'র শুটিংয়ে সময় দিতে পারবেন না সৃজিত মুখোপাধ্যায়।
'তারকাটা'য় আয়ুশ দাস, সত্যম ভট্টাচাৰ্য। ছবি- সংগৃহীত
বিক্রম চট্টোপাধ্যায় প্রযোজিত 'তারকাটা'র পরিচালনা করবেন 'বেলাইন' খ্যাত শমীক রায়চৌধুরী। উল্লেখ্য, বিক্রম কিন্তু শুধু প্রযোজনার দায়িত্বই সামলাচ্ছেন না, বরং ছবির এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। তাঁর চরিত্রটা কীরকম? প্রাক্তন পুলিশ অফিসার হিসেবে এক খুনের কিনারা করতে কাজে ফিরবেন বিক্রম। অভিনেতার ইচ্ছে, মনের মতো ভালো সিনেমা তৈরি করা। আর সেই জন্যেই এবার অভিনয় থেকে প্রযোজক শিবিরে নাম লেখালেন তিনি।
