shono
Advertisement

Breaking News

Debolina Nandy

প্রবাহ মুখ খুলতেই পালটা আইনি চাল! এবার স্বামীর পাসপোর্ট বাতিলের আর্জি দেবলীনার

স্ত্রীর আত্মহত্যার ৬ মাস পর প্রথমবার মুখ খুলে দাম্পত্যকলহ নিয়ে কী বলেছেন প্রবাহ?
Published By: Tiyasha SarkarPosted: 09:58 PM Jun 21, 2026Updated: 10:04 PM Jun 21, 2026

চলতি বছরের শুরুতে আত্মহত্যার চেষ্টা করে শিরোনামে চলে এসেছিলেন গায়িকা-ইনফ্লুয়েন্সার দেবলীনা নন্দী। অনেকেই ভেবেছিলেন পরে হয়তো ভাঙা সংসার জোড়া লাগবে। কিন্তু তা হয়নি। দেখা গিয়েছিল আইন-আদালতের দ্বারস্থ হয়েছিলেন দেবলীনা। যদিও দীর্ঘদিন গোটা বিষয়টায় মুখে কুলুপ এঁটেছিলেন দেবলীনার স্বামী প্রবাহ নন্দী। অবশেষে দিন কয়েক আগে নীরবতা ভাঙেন তিনি। স্ত্রীর করা কিছু অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করে পালটা গায়িকাকেই কাঠগড়ায় তোলেন। সোজাসুজি জানান, স্ত্রীর মায়ের সবকিছুতে অতিরিক্ত 'নাক গলানোয়' তাঁদের দাম্পত্যের মধ্যে চিড় ধরেছে। এরপরই আরও একধাপ এগিয়ে স্বামীর পাসপোর্ট বাতিলের আর্জি জানালেন দেবলীনা। 

Advertisement

স্বামী প্রবাহ নন্দীর সঙ্গে দেবলীনা। ছবি-সোশাল মিডিয়া।

ব্যাপারটা ঠিক কী? কী বলেছেন প্রবাহ? তাঁর দাবি, বিয়ের আগে থেকে তাঁদের জীবনে অতিরিক্ত হস্তক্ষেপ করতেন গায়িকার মা। সেই কারণে তাঁরা বিয়ের আগে সেভাবে দেখা-সাক্ষাৎ করতে পারেননি। বিয়ের পরও ছবিটা বদলায় নি। প্রবাহের দাবি, শাশুড়ি সর্বদা তাঁর স্ত্রীকে বিভিন্ন ইস্যুতে ব্ল্য়াকমেল করতেন। যার নেতিবাচক প্রভাব পড়ে সম্পর্কে। কেন এতগুলো মাস পর মুখ খুললেন, তাও জানান প্রবাহ। বলেন, "আমি সেদিন ৩ দিন ফ্লাই করে ফিরেছি। ঘুমোচ্ছিলাম। উঠে ২ বার মিসড কল দেখেছি। তারপর সোশাল মিডিয়া দেখে সবটা জানি। বুঝতে পারছিলাম না কী করা উচিৎ। তাই চুপ করে ছিলাম।" এরপরই নতুন করে আইনি চাল দেন দেবলীনা।

স্বামী প্রবাহ নন্দীর সঙ্গে দেবলীনা। ছবি-সোশাল মিডিয়া।

গায়িকার আইনজীবী বলেন, "ওনার উপর নানারকম অত্যাচার করা হয়েছে। হানিমুনে গিয়েও মারধর করা হয়েছে। ৬ তলার ব্যালকনি থেকে ফেলে খুনের চেষ্টা করা হয়েছে একাধিকবার। এসব নিয়ে আগেই মামলা করা হয়েছে। সম্প্রতি সমাজমাধ্যমে দেবলীনার একটি ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে তাঁকে হেয় করার চেষ্টা করা হয়েছে। তার ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার অধীনে নতুন করে মামলা করা হয়েছে। প্রবাহ বিদেশে চলে যেতে পারেন, সেই কারণে পাসপোর্ট বাজেয়াপ্ত করার আবেদন জানানো  হয়েছে।" পাশাপাশি তাঁর কর্মস্থলে গোটা বিষয়টা জানানোর পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। কারণ হিসেবে আইনজীবী জানান, প্রবাহ নাকি মদ্যপ। নেশাগ্রস্ত অবস্থায় ফ্লাই করলে যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে যায়। তাই তাঁরা চান প্রবাহকে যেন উড়ানের অনুমতি না দেওয়া হয়। উল্লেখ্য, সম্প্রতি চন্দননগরে শ্বশুরবাড়িতে যা সামগ্রী ছিল পুলিশের উপস্থিতিতে তা ফিরিয়ে এনেছেন দেবলীনা। দীর্ঘদিন ধরে আলাদাই রয়েছেন তাঁরা। যদিও সূত্রের খবর, এখনও ডিভোর্স হয়নি দেবলীনা প্রবাহর।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement