Advertisement
টিজারের ভুল শুধরে প্রকাশ্যে 'রামায়ণ'-এর ট্রেলার, তবু ছবির কোন গন্ডগোল ধরিয়ে দিল নেটপাড়া?
টিজারের পর ট্রেলারে কোন কোন পরিবর্তন নজরে এল দর্শকের?
জ্যোতিষ মতে, ব্রহ্মমুহূর্তকে অত্যন্ত পবিত্র মনে করা হয়। বৃহস্পতিবার অর্থাৎ ৩০ জুলাই সেই ব্রহ্মমুহূর্তে, ঘড়ির কাঁটায় ভোর ৪ টে বেজে ১৫ মিনিটে প্রকাশ্যে এল নীতেশ তিওয়ারির ‘রামায়ণ পার্ট ১’-এর ট্রেলার। প্রথম ঝলকেই 'রাম' রণবীর কাপুরের দিক থেকে চোখ ফেরাতে পারছেন না অনুরাগীরা। নজর কেড়েছেন‘রাবণ’যশ। আর সাই পল্লবী তো বরাবরের মতোই অনবদ্য। তবুও চুলছেড়া বিশ্লেষণ করছে দর্শক। কিন্তু, কেন?
সিনেমার ভিএফএক্স, সংলাপ, ডিজাইন প্রতিটি বিষয় যেন একেবারে আতসকাচের নীচে রেখে পর্যবেক্ষণ করছে। 'রামায়ণ' নিয়ে যেমন উৎসাহ রয়েছে তেমনই হিন্দু মহাকাব্য কিংবা পুরাণ ভিত্তিক সিনেমার ক্ষেত্রে বিতর্ক বর্তমানে প্রায় জলভাত হয়ে দাঁড়িয়েছে। টিজারে রামের ঝলক দেখেই অভিযোগ উঠেছিল, সীতা কেন ‘ব্রাত্য’? এ কেমন ‘রাবণ’? টিজারের পর ট্রেলারে কোন কোন পরিবর্তন নজরে এল দর্শকের?
'রামায়ণ'-এর ট্রেলার প্রশংসিত হলেও টিজারের সঙ্গে কেন তুলনা? আসলে টিজারে দর্শক যে খুঁতগুলো নিয়ে আলোচনা করেছিল সেগুলোই শুধরে নেওয়ার চেষ্টা করা হয়েছে ট্রেলারে। সমাজমাধ্যমে একাংশের দাবি, টিজারের তুলনায় ট্রেলার আরও বেশি ঝাঁ চকচকে। তবে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত বিষয় 'রামায়ণ'-এর রাক্ষস চরিত্রটি। জঙ্গলের দৃশ্যে যে প্রাণীটিকে দেখানো হয়েছে সেটি সম্পূর্ণ নতুনভাবে ডিজাইন করা হয়েছে বলে দাবি দর্শকের। ফলে দর্শকের মনের অনেক কাছে পৌঁছেছে।
সর্বাঙ্গিক মতামতের উপর নির্ভর করেই ট্রেলারে পরিবর্তন আনা হয়েছে বলে মনে করছে দর্শককুল। ভিএক্সের প্রশংসা করে এক ব্যক্তি লিখেছেন, স্পাইডারকম্যান, হাল্কের চেয়ে সুবাহুকে অনেক বেশ চিত্তাকর্ষক লাগছে। কেউ আবার বলছেন, নির্মাতারা দর্শকের মতামতকে যথাযথ গুরুত্ব দিয়েছেন তা ট্রেলারের প্রতিটি দৃশ্যে কার্যত স্পষ্ট।
তবে ইতিবাচক মতামতের মাঝেও জমা পড়েছে বেশ কিছু নেতিবাচক মন্তব্যও। আরও কিছু পরিবর্তন প্রয়োজন ছিল বলে দাবি জানিয়েছেন দর্শকের একাংশ। সেই সঙ্গে প্রশ্ন উঠেছে 'রামায়ণ'-এ হনুমান কোথায়? চার মিনিটের ট্রেলারে একবারও দেখা মিলল না হনুমানের! অনেকেই মনে করেন, ছবিটি মুক্তির আগে আগ্রহ তৈরি করার জন্যই নির্মাতারা ইচ্ছাকৃতভাবে সানি দেওলের ফার্স্ট লুক গোপন রেখেছেন।
Published By: Kasturi KunduPosted: 10:07 PM Jul 30, 2026Updated: 02:11 PM Jul 31, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
