দীর্ঘ টানাপোড়েন, ব্যান কালচারের বিরুদ্ধে প্রতিবাদ, টলিপাড়ার প্রতিভাবান তারকাদের ফিরিয়ে আনার লড়াই আরও কত কী! দিনের শেষে 'রাজার রাজা'র মতো জয়টা ছিনিয়ে এনেছিলেন মেগাস্টার দেব। টলিউডের এককালীন নিষিদ্ধ অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে ফিরিয়ে এনে নজির গড়েছেন দেব, তা বলাই বাহুল্য। হ্যাঁ, 'দেশু সেভেন'-এর (Desu 7) কথাই বলছি। কাঠাফাটা রোদে শহরতলিতে রেইকিও করেছেন দেব। অবশেষে এল সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত। রবিবাসরীয় দুপুরে কলাকুশলীদের উপস্থিতিতে হয়ে গেল দেব-শুভশ্রী (Dev-Subhashree) জুটির আসন্ন 'হাইভোলটেজ' মুভি 'দেশু ৭'-এর শুভ মহরত।
দেব, শুভশ্রী দুজনেই তাঁদের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে সেই বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করেছেন। এই অনুষ্ঠানের খুটিনাটি জানতে অত্যুসাহী 'দেশু'র অনুরাগীরা। শুভ মহরতের পর কোন এলাকায় শুটিং শুরু হচ্ছে তা জানতেও উদগ্রীব ভক্তরা। এই ছবি ঘিরে প্রতিনিয়ত উত্তেজনার পারদ ঊর্ধ্বমুখী হবে সে কথা বলার অবকাশই রাখছে না। সর্বোপরি সিনেমার নাম কী হতে চলেছে তা নিয়ে দেব-শুভশ্রী জুটির ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষারত।
‘ধূমকেতু’তে দেব-শুভশ্রীর রোম্যান্স দেখতে চাওয়া দর্শকের আশাভঙ্গ হয়েছিল। সেই বিষয়টা মাথায় রেখেই সাত নম্বর ছবির গল্প-চিত্রনাট্য লেখা হচ্ছে বলে জানিয়েছিলেন অভিনেতা-প্রযোজক দেব। শুভ মহরতের পর এখন শুধু ছবি মুক্তির অপেক্ষা।
'দেশু ৭'-এর শুভ মহরৎ
২০২৫ সালে তাঁদের পুনর্মিলন সিনেপাড়া, ভক্তমহল থেকে বক্স অফিসে সুনামি এনেছিল। সেসময়েই অনুরাগীরা দাবি জানিয়েছিলেন নতুন সিনেমার। তারপর নদী দিয়ে জল বয়ে গিয়েছে বহুদূর! বিতর্ক, মান-অভিমান পেরিয়ে একযুগ বাদে নস্ট্যালজিয়া উসকে আবারও দেব-শুভশ্রী ম্যাজিকের সাক্ষী থাকতে চলেছে বাংলা সিনেমার পর্দা। ছাব্বিশ সালের পুজোর বক্স অফিস মহারণে যে দেশু জুটি ‘তুরুপের তাস’ হতে চলেছে, সেটা ছবি ঘোষণার পর অনুরাগীদের উর্ধ্বমুখী উন্মাদনার পারদেই ইঙ্গিত মিলেছিল। দেব-শুভশ্রী যেদিন ঘোষণা করেছিলেন তাঁরা বড়সড় চমক নিয়ে হাজির হতে চলেছেন সেদিন থেকেই অনুরাগীদের অ্যাড্রিনালিন রাশ তুঙ্গে।
ছবির নাম-গল্প নির্বাচনের ক্ষেত্রে ধোঁয়াশা এখনও জিইয়ে রাখলেও টলিপাড়ার সুপারস্টার জুটি ছবি ঘোষণার সময়ই জানিয়ে দিয়েছিলেন, রিলিজের ১০ মাস আগে থেকে অগ্রিম বুকিং শুরু হচ্ছে। ভারতীয় সিনেইন্ডাস্ট্রিতে এই ঘটনা সত্যিই ‘বিরল উদাহরণ’। ‘ধূমকেতু’তে দেব-শুভশ্রীর রোম্যান্স দেখতে চাওয়া দর্শকের আশাভঙ্গ হয়েছিল। সেই বিষয়টা মাথায় রেখেই সাত নম্বর ছবির গল্প-চিত্রনাট্য লেখা হচ্ছে, বলে জানিয়েছিলেন অভিনেতা-প্রযোজক দেব। শুভ মহরতের পর এখন শুধু ছবি মুক্তির অপেক্ষা।
