দীর্ঘ তিন বছরের টালবাহানার পর সবে মুক্তির আলো দেখেছিল দিলজিৎ দোসাঞ্ঝ অভিনীত 'সতলুজ'। ছবি মুক্তির পরই কেন্দ্রের নিষিদ্ধ কাঁটায় 'সতলুজ' ঘিরে রাজনৈতিকমহলে ব্যাপক চাপানোতর শুরু হয়। চাপের মুখে ওটিটি থেকে সরিয়ে নেওয়া হয় দিলজিতের 'সতলুজ'। বিতর্কে জড়িয়েছিলেন পাঞ্জাব দা পুত্তর। তবে সেই বিতর্ক ভুলে শহর ছেড়েছেন দিলজিৎ। এই মুহূর্তে জাপানে সময় কাটাচ্ছেন পাঞ্জাবি সুপারস্টার গায়ক ও অভিনেতা।
পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে তাজ্জব বনে গিয়েছেন দিলজিৎ। রাস্তার ধারে হন্যে হয়ে ডাস্টবিন খুঁজে পাচ্ছেন না! ভিডিও পোস্ট করে কী বার্তা গায়ক-অভিনেতার? জাপানের রাস্তা একেবারে ঝাঁ চকচকে। কোথাও এতটুকু ময়লাও চোখে পড়ে না। সবচেয়ে বড় বিষয় আবর্জনা ফেলার জন্য রাস্তার ধারে একটা ডাস্টবিনও নেই। আবর্জনা মুক্ত এমন শহর থেকে মুগ্ধ দিলজিৎ। ভিডিওতে সেই মুগ্ধতার কথাই বলেছেন। জাপানের সৌন্দর্য ও পরিচ্ছন্নতার প্রশংসায় পঞ্চমুখ।
সকলের মুখে নিজের শহর, নিজের দেশের গুণগান শোনা যায়, কিন্তু দিলজিৎ জাপানের প্রতি এতটাই মন্ত্রমুগ্ধ যে প্রশংসা না করে উপায় নেই। পাশাপাশি সে দেশের বিভিন্নপ্রান্ত ঘুরে দেখার মজার মুহূর্তও ভাগ করে নেন। স্থানীয় খাবার থেকে শুরু করে কেনাকাটা সবকিছুই দারুণ উপভোগ করেছেন দিলজিৎ। আসলে শীঘ্রই ইউরোপ ট্যুর, 'অওরা ওয়ার্ল্ড ট্যুর ২০২৬' শুরু করবেন দিলজিৎ দোসাঞ্ঝ। তার আগে জাপানে ঝটিকা সফরে পাঞ্জাব দা পুত্তর।
টোকিও সফরের নানা ছবি ও ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে, কখনও জাপানি খাবারে মজে তো কখনও আবার আইসক্রিম উপভোগ করছেন দিলজিৎ। জাপান সফরের মাঝে অনুরাগীদের সঙ্গেও ক্ষণিকের সময় কাটান। সেই বিশেষ মুহূর্তও সমাজমাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
